সুনামগঞ্জ প্রতিনিধি

০১ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:৫৫

সুনামগঞ্জে পানিতে তলিয়ে গেছে বিশ হাজার হেক্টর রোপা আমন

দুই দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ৫টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৬১ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলার সুনামগঞ্জ পয়েন্টে ১৩৫ এবং যাদুকাটা পয়েন্টে ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

পাহাড়ি ঢলে সুরমা, কুশিয়ারা নদীসহ সীমান্ত নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। ঢল ও বর্ষণ অবক্যাহত থাকলে বন্যাপরিস্থিতির আশংকা রয়েছে। ঢলে প্রায় ২০ হাজার হেক্টর রোপা আমন তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

রোববার থেকে সুনামগঞ্জ জেলায় টানা বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও জগন্নাথপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব উপজেলার রোপা আমন ও বীজতলা পানিতে তলিয়ে গেছে। জেলা শহরের মাছ বাজার, সাহেববাড়ি ঘাট, পশ্চিম তেঘরিয়া এলাকার রাস্তগুলো পানিতে তলিয়ে আছে। দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, সুনামগঞ্জ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

জগন্নাথপুর উপজেলার তিনটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান ত্রান সহায়তার আহ্বান জানিয়েছেন।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ জানান, সারা জেলায় ১৬হাজার ৭শত ৯৫ হেক্টর রোপা আমন, ৮৪০ হেক্টর বীজতলা পানিতে নিমজ্জিত আছে। দু একদিনের মধ্যে পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করা যাবে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.আফসর আহমদ জানান, পাহাড়ি ঢল ও বর্ষণে সুনামগঞ্জের বিভিন্ন নদনদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। প্লাবিতবিত হচ্ছে নিম্নঞ্চল। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আশংকা রয়েছে বলে তিনি জানান।

সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, এখনো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। বন্যা ঝূকিপূর্ণ এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত