নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০১৫ ২১:৩৫

সুরমা আবাসিক এলাকা থেকে গণজাগরণ মঞ্চের কর্মী শাহরিয়ারের লাশ উদ্ধার

সিলেট নগরীর আখালিয়ার সুরমা আবাসিক এলাকা থেকে সিলেট গণজাগরণ মঞ্চের এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মোহাম্মদ শাহরিয়ার মজুমদার। শাহরিয়ার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য বিষয়ে অনার্স সম্পন্ন করে কিছু ড্রপ কোর্স শেষ করার জন্য ব্যস্ত ছিলেন।  তাঁর পরিবার চট্টগ্রামের পাহাড়তলীতে বাস করে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

সুরমা আবাসিক এলাকার বি ব্লকের ৪ নম্বর রোডের ৫৪ নম্বর বাসার ৪ তলায় অবস্থিত মেসের নিজ কক্ষে জানালায় বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় শাহরিয়ারের লাশ উদ্ধার করা হয়। শাহরিয়ারের রুমমেটরা জানান বিকেলে তাকে রুমে রেখে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা মেসে ফিরে অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় দরজা ভেঙ্গে শাহরিয়ারকে গ্রীলের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে রাত আনুমানিক ৯টায় তাঁর লাশ উদ্ধার করে। এসময় তাঁর লেপটপ চালু ছিল।  জানালার গ্রীলের কোমর সমান উচ্চতায় ফাঁস লেগে কীভাবে তাঁর মৃত্যু হল নিশ্চিত করে বলা যাচ্ছে না। া

শাহরিয়ার বিশ্ববিদ্যলয়ে পড়াকালীন শাবিপ্রবি সাংস্কৃতিক জোটের আহবায়ক  ছিলেন। তিনি সিলেট গণজাগরণ মঞ্চের আন্দোলনের সাথে শুরু থেকেই যুক্ত ছিলেন। ব্লগার হত্যার প্রতিবাদে নানান কর্মসূচিতেও তাকে দেখা গেছে। 

শাহরিয়ারের ফেসবুক টাইমলাইন ঘেঁটে দেখা যায় তিনি গতকাল (বুধবার) সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে সর্বশেষ পোষ্ট করেন। ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলায় আসামী মান্নান রাহির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার সিলেটটুডে টুয়েন্টি ফোর ডটকমের একটি নিউজ লিঙ্ক শেয়ার করে লিখেন - 'অবশেষে'



শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ প্রাথমিক তদন্ত করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শাবিপ্রবির ভিসি ড. আমিনুল হক ভূইয়া, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ এবং স্থাপত্য বিভাগের শিক্ষকরা।

 ঘটনাস্থলে ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ। তিনি জানান, ঘটনাটি রহস্যজনক বলে মনে করায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ‘অপরাধ বিশেষজ্ঞ’দের খবর দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত