০৪ সেপ্টেম্বর, ২০১৫ ১৩:৫০
সিলেটে উদযাপিত হচ্ছে উপমহাদেশের অন্যতম ইসলাম প্রচারক হযরত শাহজালাল (র.) ৬৯৬তম ওরস শরীফ। এ উপলক্ষে দেশ-বিদেশের লাখো ভক্ত-অনুরাগীর ঢল নামে দরগাহ প্রাঙ্গনে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকেই দরগাহ প্রাঙ্গনের রাস্তাগুলো মুখরিত হতে থাকে মিছিলে মিছিলে। দেশ বিদেশের দলবেঁধে আসা ভক্তদের হাতে ছিলো নানা রঙয়ের গিলাফ; আর মুখে মুখে উচ্চারণ ‘লালে লাল– বাবা শাহজালাল’!
শনিবার ভোর রাতে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা।
ভক্তরা জানান, হযরত শাহজালাল (র.) আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও বিশ্ব শান্তির কমনা করছেন তারা।
জানা যায়, প্রায় সাড়ে সাতশ’ বছর আগে ৩৬০ আউলিয়াকে সাথে নিয়ে এই অঞ্চলে ইসলাম ধর্মের বাণী ছড়িয়েছেন হযরত শাহজালাল (র:)।
দূর-দুরান্ত থেকে আসা ভক্তরা জানান, হযরত শাহজালালের (র:) টানে প্রতিবছর শত কষ্ট স্বীকার করেও হলেও ছুটে আসেন তারা। নিজেদের জীবনের সন্তুষ্টির পাশপাশি ভক্তরা প্রার্থনা করেন দেশ ও দশের মঙ্গল।
কেবল ইসলাম ধর্মাবলম্বিরাই নয় বিভিন্ন জাতি ধর্মের মানুষের পদচারণায় দরগাহ প্রাঙ্গন যেনো হয়ে উঠে সাম্প্রদায়িক মিলনমেলার তীর্থভূমি।
আয়োজক কমিটির সেক্রেটারী সামুন মাহমুদ খাঁন জানান, নির্বিঘ্নে ওরসের আনুষ্ঠানিকতা পালনে পর্যাপ্ত স্বেচ্ছাসেবকসহ সবরকম ব্যবস্থায়ই গ্রহণ করা হয়েছে। আজ গভীর রাত পর্যন্ত জিকির ও এবাদত-বন্দেগিতে সময় কাটাবেন ভক্তরা। রাত সোয়া ৩টায় আখেরি মোনাজাতের মাধ্যমে দু’দিনব্যাপী ওরস শেষ হবে।
প্রধানমন্ত্রীর পক্ষে গিলাফ প্রদান করেন জেলা ও মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে গিলাফ প্রদান করেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
এছাড়া আগত ভক্তদের জন্য প্রতিবেলা শিরনির ব্যবস্থা করেছেন আয়োজক কর্তৃপক্ষ। গভীর রাতে আখেরী মোনাজাতেরর পর শিরনি বিতরণের মাধ্যমে শনিবার ভোরে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা।
আপনার মন্তব্য