০৫ সেপ্টেম্বর, ২০১৫ ১৩:০০
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার ডা: এ. মালিক বলেছেন, আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের জাতির কর্ণধার। তাই নিজেকে শুধু সার্টিফিকেট অর্জনধারী নয়, প্রকৃত মানুষ হিসেবে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
তিনি আরো বলেন, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণার মধ্যে পূণ্য নিহিত রয়েছে। তাই নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে সৎ পথে চলতে ও সৎ উপার্জনের প্রতি গুরুত্ব দিতে হবে। সবাইকে আন্তর্জাতিক পরিমন্ডলে বিচরণের ক্ষেত্রে নিজ ভাষার পাশাপাশি ইংরেজী ভাষায় দক্ষতা অর্জনের জন্য গুরুত্ব দিতে হবে।
শুক্রবার সন্ধ্যায় সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত এইচএসসি উত্তীর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমান’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষাসৈনিক মাসঊদ খান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পাবলিসিটি সেক্রেটারী সাংবাদিক আবু তালেব মুরাদ,চ্যানেল আই ইউরোপ সিলেট ব্যুরো প্রধান ফয়সল আহমদ মুন্না, ফেডারেশনের নির্বাহী কমিটির সভাপতি নূর মোহাম্মদ খান তাইফুর ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির মাধ্যমে সংবর্ধিত শতাধিক শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
আপনার মন্তব্য