০৫ সেপ্টেম্বর, ২০১৫ ২৩:০৬
আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি বলেছেন, একজন সত্যিকারে ধার্মিক মানুষ কখনো কোন ধরনের খারাপ কাজকর্ম করতে পারে না। ধর্ম ও ধর্মের অনুশাসন মানুষকে সুন্দর ও সুশৃংখল রাখে। ধর্মীয় বিধিবিধান প্রত্যেক মানুষকে মেনে চলা দরকার। অনাচার, ব্যভীচার ও যত ধরনের পাপ, তা মানুষকে ধ্বংশ করে দেয় তার কোনটাই করা উচিত নয়।
সবাইকে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে এসব ঘৃনিত অপকর্ম করা থেকে বিরত থাকা জরুরী।
তিনি শনিবার দুপুর ১টায় পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪১তম শুভ জন্মাষ্ঠমী উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কন সিলেট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, সাম্প্রদায়িত সম্প্রীতি রক্ষা করার ধারাবাহিক কাজের মধ্যে যুব সমাজকে সবার আগে মানবতাবোধে জাগ্রত করা প্রয়োজন। সকল ধর্ম, বর্ণ, গোত্র ও সম্প্রদায়ের যুবক সমাজের অন্তরে সু-শিক্ষা ও ধর্মীয় নীতি নৈতিকতা সম্পর্কে সচেতনতা তৈরী করা বাঞ্ছনীয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন সিলেট’র অধ্যক্ষ শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইস্কন সিলেটের সাধারন সম্পাদক শ্রী ভাগবত করুনা দাস ব্রহ্মচারী, সহ-সাধারন সম্পাদক পান্ডব গোবিন্দ দাস ব্রহ্মচারী, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ এড. দীলিপ কুমার দাস চৌধুরী, ইস্কন সিলেটের ইয়থ ফোরামের কো-ডিরেক্টর দেবর্ষি শ্রীবাস দাস, বুদ্ধি গৌর দাস ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শ্রীমতি শিপ্রা দেব। অনুষ্ঠান উপস্থাপনা করেন দেবামৃত নিতাই দাস।
এর আগে সকাল ৯ টায় নগর সংকীর্তন বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ইস্কন মন্দিরে এসে সমাপ্ত হয়। এছাড়া দুপুর ১২ টায় কৃষ্ণলীলা, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮ টায় ম্যাগাজিন অনুষ্ঠান, রাত সাড়ে ১০ টায় শ্রী কৃষ্ণের মহা-অভিষেক অনুষ্ঠান ও রাত সাড়ে ১২ টায় অনুকল্প মহাপ্রসাদ বিতরণ করা হয়। আগামীকাল ৬ সেপ্টেম্বর রবিবার নন্দোৎসব ও ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এ.সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১১৯তম শুভ আবির্ভাব তিথি উদ্যাপন করা হবে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে বেলা সাড়ে ১১ টায় প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এ.সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অভিষেক অনুষ্ঠান, দুপুর সাড়ে ১২ টায় শ্রীল প্রভুপাদের মহিমা কীর্তন ও অফারিং লেটার পাঠ, দুপুর ২ টায় মহাপ্রসাদ বিতরণ, বিকাল ৪ টায় বৈদিক চলচ্চিত্র আচার্য ও রাত সাড়ে ৮ টায় ম্যাগাজিন অনুষ্ঠান। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।
আপনার মন্তব্য