সিলেটটুডে ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:৪৯

১৩ দফা দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের মানববন্ধন

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যেগে আজ (১৬ সেপ্টেম্বর’১৫) বিকাল ৪.৩০ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১৩ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন সমাবেশে সংগঠনের সিলেট জেলার আহ্বায়ক বীরেন সিং সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য হুমায়ূন রশীদ সোয়েব, সংগঠন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হৃদেশ মুদি, সিলেট জেলার সদস্য অজিত রায়, সন্তোষ বারেক, লাংকাট লোহার, শেলী দাশ প্রমুখ।

বক্তরা বলেন, চা বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল। আর এই চা তৈরি হয় চা শ্রমিকদের রক্তে-ঘামে। সীমাহীন দারিদ্র ও পুষ্টিহীনতার শিকার এই অবহেলিত জনগোষ্ঠি। চা বাগানের শ্রমিকরা উদয়াস্ত পরিশ্রমের পর মাত্র ৬৯ টাকা মজুরি পান। কিন্তু এই শ্রমিকদের জন্যে চিকিৎসার ন্যূনতম সুযোগ নেই।

প্রতিদিন রোগ বালাই লেগেই আছে শ্রমিকদের জীবনে। শত শত শ্রমিকের জন্যে একজন এম.বি.বি.এস ডাক্তার পর্যন্ত নেই। যা বাস্তবে চরম অমানবিক। অথচ বারেবারে শ্রমিকদের সমস্যা তুলে ধরা হলেও সরকার অথবা মালিক পক্ষ এই সকল সমস্যা সমাধানের কোন কার্যকর উদ্যোগ গ্রহন করেনি। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ১৩দফা দাবিসহ চা শ্রমিকদের সকল সমস্যা সমাধানে ধারাবাহিক লড়াই সংগ্রাম করছে এবং আমরা জানি লড়াই সংগ্রাম ছাড়া শ্রমিকদের অধিকার আদায় করা সম্ভব নয়। তাই বক্তারা আগামী দিনের চা শ্রমিকদের অধিকার সহ  নতুন চুক্তি সম্পাদন, দৈনিক মজুরি ৩০০টাকা নির্ধারণ ও ভূমির অধিকার নিশ্চিত করা সহ ১৩দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত