১৬ সেপ্টেম্বর, ২০১৫ ২০:০২
মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর তরুণ ব্যবসায়ী আব্দুল মজিদ হত্যা মামলার রায় ২০ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার রায় হওয়ার নির্ধারিত তারিখ ছিল।
আদালতের বিচারক মকবুল আহসান শুনানি শেষে রায়ের জন্য নতুন তারিখ ধার্য করেন বলে জানান আদালতের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ২৯ আগস্ট রাতে প্রেম সংক্রান্ত কারণে কমলগঞ্জ উপজেলার পতনউষার গোপীনগর গ্রামের আবদুর রহমানের ছেলে নয়াবাজারের তরুণ ব্যবসায়ী আবদুল মজিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মম ভাবে খুন করা হয়।পরদিন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
হাত-পা বাঁধা, কানে ঢোকানো হয় শিকল। কান কেটে ক্ষান্ত হয়নি ঘাতকরা। দুই চোখ উপড়ে ও পুরুষাঙ্গ কেটে উপর্যুপরি জখম করা হয় পুরো শরীরে। মরদেহের সুরতহাল করতে গিয়ে আঁতকে ওঠেছিলো পুলিশও।
ঘটনার দু’দিন পর ১ সেপ্টেম্বর নিহত মজিদের বাবা আব্দুর রহমান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন- রুবেল, জুয়েল, আজাদ, মুহিদ, মাসুক, আফরুজ, শাহিন, আজমান, ডলি, আলমা ও নিহতের প্রেমিকা জুঁই।
তদন্ত শেষে ২০১৩ সালের ৮ আগস্ট ১১ জনকে অভিযুক্ত করে এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ।
আপনার মন্তব্য