১৮ নভেম্বর, ২০২৬ ২৩:২০
কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা ও উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহিন।
নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের মোটরসাইকেল ও গাড়িবহরে বহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় দুজন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি মোটর সাইকেলে আগুন দেয়া হয়।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহিন ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাসের) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।
জানা গেছে, বুধবার সন্ধ্যা সাতটার দিকে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচরের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
এ সময় হামলাকারীরা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। বেপরোয়া হামলায় কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন (৪৫), জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাসের) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল (৩৫) ও কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২) কয়েকজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শাহীন ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য রওনা হয়। খুলনায় নেয়ার পথে প্রথমে সোহেল মারা যান। তার কিছু সময় পরে শাহিনও মারা যান।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ মোহাম্মদ আল মামুন শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর শুনে তিনি ঘটনাস্থালে রওনা দিয়েছেন।
এদিকে এ ঘটনার পর কালিয়াজুড়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার মন্তব্য