সিলেটটুডে ডেস্ক

০৯ মে, ২০১৬ ১০:৫৯

নির্বাচনোত্তর সহিংসতা : ময়মনসিংহে নিহত ১

নির্বাচনোত্তর সহিংসতায় ময়মনসিংহে ১ জন নিহত হয়েছে।

সদর উপজেলায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এনামুল হক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাতজন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৬টার দিকে মারা যান তিনি।

এর আগে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন- ওমর ফারুক (৩২), মুক্তার হোসেন (৫০), ফাহিম (৩৫), মঞ্জুরুল (২৩), মোকসেদুল হক (৩০), মিয়া হোসেন (২০) ও শাহজাহানসহ (২২)।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে পাঁচ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত মেম্বার প্রার্থী বাবুল বিজয়ী হন। নির্বাচনে প্রতিপক্ষ জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী জমসেদ আলী পরাজিত হন।

তিনি জানান, এ ঘটনায় রবিবার (৮ মে) দুপুরে দেশী অস্ত্রশস্ত্র নিয়ে বীরবওলা গ্রামে বাবুল মেম্বারের কর্মী-সমর্থকদের উপর অতর্কিতে হামলা চালায় জমসেদ আলীর সমর্থকরা। এ সময় ৮জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত হন এনামুল হক নামে এক যুবক। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৬টার দিকে মারা যান তিনি।

লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত