১৬ মে, ২০১৬ ০২:৫২
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোর শিহাবউদ্দিন নিহত হওয়ার ঘটনায় বিএসএফের সাত সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
শনিবার (১৪ মে) জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
রোববার (১৫ মে) রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক মোহাম্মদ আমীর মজিদ।
৬ বিজিবির পরিচালক জানান, বিজিবির উদ্যোগে সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে কুষ্টিয়া সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক মাহাবুবুর রহমান ও বিএসএফের পক্ষে কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি কৈলাশ লাল সাহা নেতৃত্ব দেন।
বৈঠকে বাংলাদেশি কিশোরকে গুলি করে হত্যার বিষয়ে বিএসএফ উচ্চ পর্যায়ে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে বিজিবিকে আশ্বস্ত করা হয়। তারই অংশ হিসেবে বিএসএফ ১১৩ ব্যাটালিয়ন বানপুর কোম্পানি কমান্ডারসহ ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করে বিএসএফ।
তদন্তে দোষী প্রমাণিত হলে ওই ৭ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে বিজিবিকে জানিয়েছে বিএসএফের কৃষ্ণনগর সেক্টর।
আপনার মন্তব্য