সিলেটটুডে ডেস্ক

১৬ মে, ২০১৬ ১৫:৫৩

ফেরদৌসের জামিন নামঞ্জুর

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজুর রশিদ ফেরদৌসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ফেরদৌস তার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানির কারণে জেলহাজতে রয়েছেন।

সোমবার (১৬ মে) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিরুল হায়দার চৌধুরী জামিনের আবেদন নাকচের ওই আদেশ দেন।

গত ৭ মে দুই দিনের রিমান্ড শেষে গত শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলামের কাছে মাহফুজুর রশিদ ফেরদৌস যৌন হয়রানির স্বীকারোক্তি দেন। এর আগে ৪ মে তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৫ মে ঢাকা সিএমএম আদালতে যৌন হয়রানির শিকার ৫ জন শিক্ষার্থী ম্যাজিস্ট্রেটের কাছে নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে তারা শিক্ষক মাহফুজের জোরপূর্বক যৌনতার বিস্তারিত বর্ণনা দেন।

৩ মে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল সায়েম নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় কলাবাগান থানায় মামলা করেন। পরদিন ৪ মে দিবাগত রাতে এ অধ্যাপককে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ৩০ এপ্রিল যৌন হয়রানির অভিযোগ তুলে ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আকস্মিক আন্দোলনে স্থবির হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়। তৎক্ষণাৎ বৈঠকে বসে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্তৃপক্ষের ঘোষণাকে প্রত্যাখ্যান করে চার দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

বেশ কয়েক বছর ধরে মৌখিক ও লিখিত অভিযোগ করে আসছিলেন নিপীড়নের শিকার শিক্ষার্থীরা। শিক্ষকের দাপটে সব মিলিয়ে যাচ্ছিল। নিপীড়নের শিকার ছাত্রীদের বেদনা অব্যক্তই থেকে যায়। তবে শেষ রক্ষা হয়নি দাপুটে শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসের।

আপনার মন্তব্য

আলোচিত