১৯ মে, ২০১৬ ১৫:৫৯
শুক্রবার (২০ মে) বন্দর নগরী চট্টগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল ও নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদে ভিন্ন স্থানে আলাদা সময়ে দুই কর্মসূচি পালিত হবে।
চট্টগ্রামের প্রগতিশীল আন্দোলনের কর্মীরা শুক্রবার বিকেল ৪টায় নগরীর জামালখান প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা পরিবারের উপর আওয়ামীলীগ নেতার নির্যাতন ও জমি দখলের প্রতিবাদ করে মানববন্ধন ও সমাবেশ করবে।
এরপর অদূরবর্তী চেরাগী পাহাড় মোড়ে বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদ জানিয়ে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে কর্মসূচি পালন করা হবে।
চট্টগ্রামের প্রগতিশীল আন্দোলনের কর্মীদের পক্ষে লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক সাব্বির হোসাইন বলেন, দুটি ভিন্ন ইস্যু হলেও সাম্প্রতিক এই দুটি ঘটনায় বাংলাদেশের মূল চেতনায় তীব্র আঘাত লেগেছে তাই আমাদের অবস্থান থেকে আমরা প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছি।
এ ব্যাপারে দুই কর্মসূচি আয়োজনে যুক্ত আইনজীবী রাজেশ পাল বলেন, "আমি চট্টগ্রামে শুভ বোধ সম্পন্ন সকল মানুষকে কালকের দুই কর্মসূচিতে উপস্থিত থাকার আহবান জানাচ্ছি"।
প্রসঙ্গত, চট্টগ্রামের মুক্তিযোদ্ধা মোফাজ্জেলুর রহমানের ক্রয়কৃত জমি চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুর প্রশ্রয়ে দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে ইতিপূর্বে বহুবার মুক্তিযোদ্ধা মোফাজ্জেলুর রহমানের পরিবারকে লাঞ্ছিত করা হয়।
এদিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে গত ১৩ মে তাকে লাঞ্ছিত ,মারধর ও কানে ধরে উঠবস করানো হয়। স্থানীয় সাংসদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই ঘটনাটি ঘটে। যাকে চূড়ান্ত অসভ্যতা, বর্বরতা ও বেআইনি বলেছেন শিক্ষামন্ত্রী। লাঞ্ছিতের পরে শিক্ষক শ্যামল কান্তিকে বরখাস্তও করে বিদ্যালয় কমিটি। আজ বৃহস্পতিবার (১৯ মে) শিক্ষামন্ত্রী বিদ্যালয় কমিটিকেই বাতিল ঘোষণা দিয়ে প্রধান শিক্ষককে বহাল রাখার ঘোষণা দেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তদন্তেও শিক্ষকের বিরুদ্ধে কোন ধর্মীয় কটূক্তির সত্যতাও পাওয়া যায়নি।
আপনার মন্তব্য