২২ মে, ২০১৬ ০০:৩৭
গাজীপুরের কাপাসিয়ায় উপজেলায় ছুরিকাঘাতে ফারুক (৪৫) নামে এক নাট্যকর্মী খুন হয়েছেন। এই ঘটনায় তার পূর্ব পরিচিত শাকিল নামের এক যুবকের জড়িত থাকার খবর পাওয়া গেছে।
শনিবার (২১ মে) রাত ৯টার দিকে উপজেলার সিংহশ্রী বটতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক কুলগঙ্গা গ্রামের আবদুল বারেকের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
নিহতের বাবা আবদুল বারেক জানান, শনিবার সন্ধ্যার পর উপজেলার বরবের গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদক বিরোধী একটি নাটিকা পরিবেশন করে। পরে তার বাড়ির কাছে বটতলা বাজারে অন্যান্য নাট্যকর্মী কাদির, মতিনকে নিয়ে মোহসিনের দোকানে চা খেতে বসে। এ সময় সেখানে ওৎ পেতে থাকা একই গ্রামের আবদুল বাতেনের ছেলে শাকিল চা দোকান থেকে ফারুককে ডেকে নিয়ে রাস্তার পাশে এলোপাথাড়িভাবে ছুরিকাঘাত করতে থাকে।
এক পর্যায়ে ফারুকের আত্মচিৎকারে বাজারের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় ফারুককে উদ্ধার করে। এসময় শাকিল পালিয়ে যায়। পরে ফারুককে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কাপাসিয়ার থানার ওসি এ বি সিদ্দিক ঘটনাস্থলে পরির্দশ করেন। তিনি জানান, অপরাধীকে ধরতে পুলিশের অভিযান চলছে। পুলিশ জানিয়েছে ফারুকের সাথে শাকিলের দ্বন্দ ছিল। শাকিল মাদকাসক্ত ছিল বলেও জানিয়েছে পুলিশ।
আপনার মন্তব্য