২২ মে, ২০১৬ ২০:০৭
নীলফামারীতে বিশেষ অভিযানে চার জেএমবি সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। যাদের মধ্যে দুজন এক শিক্ষক হত্যায় জড়িত ছিল।
শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে রোববার বিকেলে নীলফামারীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাজির করা হয়। নীলফামারীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আকরাম হোসেনের কাছে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।
আটককৃতরা হল, জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামের আলতাব হোসেনের ছেলে বজলুর রহমান ওরফে বজলু (৩০), একই ইউনিয়নের গোলমুন্ডা ঘাটেরপাড় এলাকার মৃত আবুল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২৭), ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের পাটোয়ারী পাড়ার বজলুর রশীদের ছেলে সাইফুর রহমান (৩৭) এবং ডিমলা উপজেলার সোনাখুলি চাপানীহাট এলাকার আব্দুল কাইয়ুম এর ছেলে কারী মো. মীর কাশেম (৩০)।
নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, এরা সবাই নিষিদ্ধ ঘোষিত জেএমবির সক্রিয় সদস্য এবং এদের মধ্যে তরিকুল ইসলাম গত বছরের ৯ আগস্ট জলঢাকার গোলমুন্ডা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাধব চন্দ্র হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আপনার মন্তব্য