০৬ ডিসেম্বর, ২০১৫ ১৮:০০
চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি কর্তৃক ৪র্থ বারের মত আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪ টি অংশগ্রহণকারী দলের মধ্যে রানার্স আপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী একমাত্র বিতার্কিক দল ‘সাস্ট এসডি ক্র্যাক প্লাটুন’।
৫ ডিসেম্বর, শনিবার অনুষ্ঠিত ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্বাগতিক বিতার্কিক দল। এর আগে প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বিতর্ক যুদ্ধে যথাক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের দরজা পার হয় ‘সাস্ট এসডি ক্র্যাক প্লাটুন’। চট্টগ্রামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ‘ডিবেটার অফ দা টুর্নামেন্ট’ নির্বাচিত হন সাস্ট এসডি ক্র্যাক প্লাটুনের অন্যতম বিতার্কিক তাসনিম আবেদিন রাজু। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। অপরদিকে ‘গ্রুপ অফ ডিবেটার’ নির্বাচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রেরিত দল।
শাবিপ্রবির অপেক্ষাকৃত নবীন এই বিতর্ক সংগঠনটি ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় পাঁচবার শিরোপা অর্জনের কৃতিত্ব অর্জন করে। এ প্রসঙ্গে সংগঠনটির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সাজন বলেন, ‘আমাদের সংগঠনের বয়স মাত্র আট মাস। কিন্তু এরই মধ্যে আমরা পাঁচটি শিরোপা অর্জন করতে সমর্থ হয়েছি। প্রতিটি কর্মীর সংগঠনটির প্রতি যে ভালোবাসা আর ত্যাগ রয়েছে মূলত সেটাই আমাদের সাফল্যের পূঁজি’।
আপনার মন্তব্য