১১ ডিসেম্বর, ২০১৫ ১২:২১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘রক্তের গ্রুপ নির্ণয়’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমিক ভবন ‘সি’ এর ১১২ নং কক্ষে এ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের রক্তদানমূলক স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চালন।
কর্মশালাটি পরিচালনা করেন সঞ্চালনের সাবেক সভাপতি শারওয়াত কবির শাফিন, সৈকত আহমেদ এবং সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম। কর্মশালায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সঞ্চালনের সভাপতি ফরহাদ আহম্মদ জানান, আগামী শনিবার ( ১২ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় সঞ্চালন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করবে। সকাল ৯টা থেকে ক্যাম্পাসের মিনি অডিটোরিয়ামে নবীণ শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হবে। ভিসি অধ্যাপক আমিনুল হক ভূইয়া এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানা যায়।
সঞ্চালনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান জানান, এবার চতুর্থবারের মত সঞ্চালন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীর রক্তে গ্রুপ নির্ণয় করবে। এরই লক্ষ্যে কর্মশালাটির আয়োজন করা হয়। কর্মশালায় রক্তের গ্রুপ নির্ণয়ের পদ্ধতি এবং রক্তের গ্রুপ ব্যাক্তিভেদে ভিন্ন হওয়ার কারণ নিয়ে আলোচনা করা হয়।
প্রসঙ্গত, ‘রক্তের প্রবাহে গড়ি আত্মার বন্ধন’ এই স্লোগানকে সামনে রেখে ২০০৯ সালের ৫ এপ্রিল যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের অন্যতম রক্তদানমূলক সেচ্ছাসেবি সংগঠন ‘সঞ্চালন’।
আপনার মন্তব্য