২০ জানুয়ারি, ২০১৬ ০২:২৬
নবীন উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি দেশি, বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগসূত্র তৈরি করে দেওয়ার প্রতিযোগিতা কানেকটিং স্টার্টআপস। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তৃতভাবে ধারণা দিতে “কানেকটিং স্টার্টআপস বাংলাদেশ” শিরোনামে বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক সেমিনারের আয়োজন করেছে সাস্ট ক্যারিয়ার ক্লাব।
শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে বুধবার (২০ জানুয়ারি) বিকাল ৩ টায় এ সেমিনার অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ হাই-টেক পার্ক (বিএইচটিপিএ) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।
অনুষ্ঠানটিতে শুধুমাত্র নবীন উদ্যোক্তাই নয় যেকোনো সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে বলে জানান ক্লাবের সাধারণ সম্পাদক রুপম ভট্টাচার্য্য। সেমিনার সবার জন্য উন্মুক্ত।
উল্লেখ্য, তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে নতুন কোনো উদ্ভাবনী আইডিয়া অথবা দুই বছরের কম সময়ের কোনো স্টার্টআপ যাদের ব্যবসায়িক মূলধন ৫ হাজার ডলারের কম এবং পণ্য রয়েছে তারা কানেকটিং স্টার্টআপস প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
প্রতিযোগিতায় বিজয়ীরা পাবেন সিলেটের কোম্পানীগঞ্জে নির্মাণাধীন হাই-টেক পার্কে ফ্রি সুসজ্জিত অফিস স্পেস, অর্থসংস্থানের ব্যবস্থা, উদ্ভাবনী অনুদান, মেন্টরশিপ, আইনি সহায়তাসহ বিশ্ব স্টার্টআপস এক্সেলারেটর প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ।
প্রতিযোগিতার নিবন্ধনের শেষ সময় ৩০ জানুয়ারি।
প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে সংশ্লিষ্ট ওয়েবসাইটেও
আপনার মন্তব্য