শাবি প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি , ২০১৬ ১৬:২১

শাবিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) পালিত হয়েছে শহীদ  দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

একুশের প্রথম প্রহরে উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এর পরে শিক্ষক সমিতি,শাবি প্রেসক্লাব,ছাত্রলীগ,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,জাতীয় ছাত্রদলসহ বিভিন্ন শিক্ষক ফোরাম, বিভাগ এবং সামাজিক,সাংস্কৃতিক,ক্রীড়া ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
 
এছাড়াও দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘ভাষাভিত্তিক সাম্রাজ্যবাদে নবধারার  ঔপনিবেশিকতা: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে রেজিস্টার মো. ইশফাকুল হোসেনের সঞ্চালনায় এবং দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নিয়াজ আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।

সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন আধুনিক ভাষা ইন্সটিটিউট এর পরিচালক অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়। প্রবন্ধের উপর আলোচনা করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রেজাই করিম খন্দকার, বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন দিবস উদযাপন উপ-কমিটির আহ্বায়ক তাহমিনা ইসলাম।
 
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বাংলা ভাষা, স্বাধীনতা এবং বাংলাদেশ পরস্পর সম্পর্কযুক্ত। কারণ ভাষা আন্দোলনের পথ বেয়েই আমরা স্বাধীনতা এনেছি।

মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আজকের দিবসের শিক্ষা হচ্ছে আমরা সকল ভাষার প্রতি সম্মান দেখাব। বিশেষ করে এদেশের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ভাষাকে আমরা কখনই অবজ্ঞা করব না।
 
এছাড়াও দিবসটিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কার্টুন, বিতর্ক এবং তথ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত