শাবি প্রতিনিধি

০২ জুলাই, ২০১৫ ১৬:১৯

শাবি পরিস্থিতি: আন্দোলনকারী শিক্ষকদের দখলে উপাচার্য কার্যালয়, ছাত্রলীগের দখলে ক্যাম্পাস

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মুখে কালো কাপড় বেঁধে ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল

আন্দোলনের ১১তম দিনে এসেও উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান অব্যাহত রেখেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাংশ। তাদের অবস্থানের কারণে বৃহস্পতিবারও নিজ কার্যালয়ে আসতে পারেননি উপাচার্য ড. আমিনুল হক ভূইয়া।

অপরদিকে, শিক্ষকদের একাংশের এই আন্দোলনের বিরোধীতা করে বৃহস্পতিবারও ক্যাম্পাস দাপিয়ে বেরিয়েছে ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৃহস্পতিবার মুখে কালো কাপড় বেঁধে ক্যাম্পাসে মিছিল করে ছাত্রলীগ।

উল্টোদিকে, ছাত্রলীগের এই অবস্থানের নিন্দা জানিয়ে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন উপাচার্যবিরোধী আন্দোলনকারী শিক্ষকরা।

বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগ মুখে কালো কাপড় বেঁধে শিক্ষকদের উপাচার্য বিরোধী আন্দোলনের প্রতিবাদ জানায়। পরে মুখে কালো কাপড় বেঁধে মুক্তমঞ্চ হতে উপাচার্যের বাংলো অভিমুখে এক মৌন মিছিল করে আবার মুক্তমঞ্চের কাছে এসে শেষ হয়।

এদিকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের উপাচার্য বিরোধী আন্দোলন ১১শ তম দিনের মতো চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকেই আন্দোলনকারী শিক্ষকরা উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন। ছাত্রলীগের বিরুদ্ধে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগ এনে ও ছাত্রলীগের অবস্থান কর্মসূচীকে ন্যাক্কারজনক এবং লজ্জাজনক ঘোষণা দিয়ে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম এক বিবৃতিতে বলেন, সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে ছাত্রলীগ নামধারী কিছু শিক্ষার্থী এসব করছে। তারা শিক্ষকদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে নিয়ে এবং আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে অসৌজন্যমূলক বক্তব্য ও হুমকিপ্রদান করছে যা শিক্ষক সমাজের জন্য একটি কলঙ্ক।

তিনি দাবী করেন শিক্ষার্থীদের এই অবস্থান ও বক্তব্য সম্পূর্ণরূপে অযৌক্তিক ও উষ্কানিমূলক। তিনি বলেন, আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা এই ধরণের আচরণ করতে পারে না।

অধ্যাপক সৈয়দ সামসুল আলম শিক্ষার্থীদের এই আন্দোলনের পিছনে উপাচার্যের যোগসাজেশজ আছে দাবী করে বলেন, এটা বিশ্ববিদ্যালয়ের অযোগ্য, মিথ্যুক উপাচার্য ড. আমিনুল হক ভুঁইয়া ও তাঁর অবৈধ অপকর্মের সহযোগীদের যোগসাজেশে এইসব শিক্ষার্থীকে লেলিয়ে দেওয়া হয়েছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভুঁইয়া যোগসাজেশের অভিযোগ অস্বীকার করে বলেন, আন্দোলনকারী শিক্ষকরা ছাড়া অন্য সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীদের সাথে আমার যোগাযোগ আছে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে যোগসাজেেশের অভিযোগ সত্য নয়।

শিক্ষার্থীদের এই আন্দোলনকে স্বতস্ফুর্ত উল্লেখ করে উপাচার্য আরো বলেন, শিক্ষকদের আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ে স্তবিরতা বিরাজ করছে, শিক্ষার্থীদের রেজাল্ট আটকে আছে, অনেকে নতুন সেমিস্টারে ভর্তি হতে পারছে না। এটা নিয়ে তাদের কোন অনুভূতি থাকতে পারে। তারা হয়তো সেখান থেকেই আন্দোলন করছে।

এদিকে শিক্ষকদের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি এছাড়া আবু সাঈদ আকন্দ বলেন, এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন শাবিপ্রবি ছাত্রলীগ এই আন্দোলনকে সমর্থন করে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে শাবি ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের যেকোন যৌক্তিক আন্দোলনের সাথে থাকবে।

শাবিপ্রবি ছাত্রলীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সবুজ এই আন্দোলনকে ছাত্রলীগের সমর্থনে সাধারণ শিক্ষাার্থীদের আন্দোলন উল্লেখ করে বলেন, ছাত্রলীগ সমসময় ন্যায়ের পক্ষে। শাবিপ্রবি ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য এই কর্মসূচী পালন করছে।

আপনার মন্তব্য

আলোচিত