১৮ আগস্ট, ২০১৫ ০০:৪১
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের 'জুনিয়র স্কুল সার্টিফিকেট' (জেএসসি) ও মাদ্রাসা শিক্ষার্থীদের 'জুনিয়র দাখিল সার্টিফিকেট' (জেডিসি) পরীক্ষার চূড়ান্ত সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (১৭ আগস্ট) জেএসসি-জেডিসি পরীক্ষার এ সূচি প্রকাশ করা হয়।
সূচি অনুসারে, আগামী ১ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৮ নভেম্বর। পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল ১০টায়।
এর আগে ১০ আগস্ট সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এক সভায় এ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। সোমবার চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়।
২০১৫ সালের জেএসসি-জেডিসি পরীক্ষায় প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশ নেবে। গত বছর এ সংখ্যা ছিল ২০ লাখ ৯০ হাজার ৬৯২। গতবার ২ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি-জামায়াতের হরতালের কারণে তা পিছিয়ে ৭ নভেম্বর থেকে শুরু হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব অসীম কুমার কর্মকার স্বাক্ষরিত জেএসসি-জেডিসি পরীক্ষার সূচিতে বলা হয়েছে, পরীক্ষার হলে শিক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তবে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস হলে আনা যাবে না। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
জেএসসির সূচি
১ নভেম্বর বাংলা প্রথমপত্র, ২ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ৩ নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ৪ নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৮ নভেম্বর গণিত/সাধারণ গণিত বিষয়ের পরীক্ষা হবে।
৯ নভেম্বর হবে ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা।
১১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১২ নভেম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, ১৫ নভেম্বর বিজ্ঞান, ১৬ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের পরীক্ষা রয়েছে।
আর ১৭ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত, পালি এবং ১৮ নভেম্বর হবে চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা।
জেডিসির সূচি
মাদ্রাসা শিক্ষার্থীদের জেডিসিতে ১ নভেম্বর কোরআন মাজিদ ও তাজবিদ, ২ নভেম্বর আকাইদ ও ফিকহ, ৩ নভেম্বর বাংলা প্রথমপত্র, ৪ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা হবে।
৮ নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ৯ নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ১১ নভেম্বর আরবি প্রথমপত্র, ১২ নভেম্বর আরবি দ্বিতীয়পত্র, ১৪ নভেম্বর গণিত, ১৫ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের পরীক্ষা রয়েছে।
১৬ নভেম্বর সামাজিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১৭ নভেম্বর সাধারণ বিজ্ঞান (শুধু অনিয়মিত), বিজ্ঞান, বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি (শুধু অনিয়মিত) এবং ১৮ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি (শুধু অনিয়মিত) এবং গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে।
আপনার মন্তব্য