০৬ নভেম্বর, ২০২৬ ১৩:৩১
ঢাকার একটি আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমনির মেজাজ হারানোর ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে তার পাশে দাঁড়েয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
তিনি বলেছেন, কোনো অভিযোগের সত্যতা বিবেচনা না করে শুধু পেশাগত পরিচয়ের কারণে কারও পক্ষ নেওয়া উচিত নয়।
বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন প্রভা।
এরআগে বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়ে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে গালিগালাজ করেছেন চিত্রনায়িকা পরীমনি। পরীমনির অভিযোগ, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছেন।
পরীমনির এই গালিগালাজের ভিডিও ছড়িয়ে পড়ার অনেক্ই পরীমনির সমালোচনা করেন। সাংবাদিকদের অনেকেও পরীমনির আচরণে ক্ষোভ প্রকাশ করেন।
এরপর রাতে ভিডিও বার্তায় এ সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিজের একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরে প্রভা জানান, সাংবাদিক ভাইদের কাছে আমার আকুল মিনতি, আপনারা ঢালাওভাবে আপনাদের কলিগকে সাপোর্ট করবেন না।
কারণ আমরা এটা ফেস করি। আমরা এটা একচুয়ালি ফেস করি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে কয়েকজন সাংবাদিক তাকে ঘিরে সাক্ষাৎকার নিচ্ছিলেন। এ সময় একজন সাংবাদিকের অতিরিক্ত কাছে আসায় অস্বস্তি বোধ করেন তিনি। বারবার সরে যাওয়ার পরও ওই সাংবাদিক কাছে আসছিলেন বলে জানান অভিনেত্রী। পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে নিজের ফোনটি সামনে ধরে রাখেন, যাতে শারীরিক স্পর্শ এড়ানো যায়।
এ প্রসঙ্গে বলেন, আমি কিছুদিন আগে একটা ফেয়ারে গিয়েছিলাম। ওইদিন কিছু সাংবাদিক আমাকে ঘিরে ধরেন। বিশ্বাস করেন, ওই লোকটা যদি সাংবাদিক না হলে আমার পায়ের সেন্ডেল দিয়ে উনাকে প্রহার করতাম। আমি জাস্ট হেসে হেসে উনাকে বলছিলাম- আপনি বুঝতে পারছেন না আমি আনকম্ফোর্টেবল ফিল করছি। আমি যত পেছনে যাচ্ছিলাম তিনি ততো সামনে এগুচ্ছিলেন। একটু এদি ওদিন হলেই সেদিন একটা বেডটাচ হয়ে যেতো। তখন আরেকজন সাংবাদিক এসে উনাকে সরিয়ে দেন।
এই অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রভা বলেন, সাংবাদিকদের মধ্যেও দায়িত্বশীলতা ও পেশাদারত্বের চর্চা রয়েছে। একজন সাংবাদিকের আচরণে কোনো শিল্পী অস্বস্তি বোধ করলে বিষয়টি অন্য সহকর্মীদেরও গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
আদালত প্রাঙ্গণে পরীমনির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে প্রভা বলেন, তার অভিযোগের সত্যতা থাকতে পারে। তাই পুরো ঘটনা যাচাই না করে কোনো পক্ষের প্রতি সমর্থন জানানো ঠিক হবে না। একই সঙ্গে গণমাধ্যমকর্মী হিসেবে কারও পেশাগত পরিচয়কে বিবেচনায় রেখে অভিযোগের নিরপেক্ষ মূল্যায়ন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
ভিডিও বার্তায় পরীমনির ব্যক্তিগত জীবন ও একক মা হিসেবে তার সংগ্রামের কথাও উল্লেখ করেন প্রভা। তার মতে, একজন শিল্পীও অন্য সবার মতো মানুষ। ব্যক্তিগত ও পারিবারিক নানা পরিস্থিতির মধ্য দিয়ে তাকেও যেতে হয়। তাই কোনো ঘটনা মূল্যায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান ও বাস্তবতাও বিবেচনায় রাখা জরুরি।
প্রভা আরও বলেন, আমাদের একটা মানুষ হিসেবে আপনারা নিজেরা ভাবেন, অন্যদেরও ভাবতে সাহায্য করেন। পরীমনির ক্লেম সত্যিও হতে পারে। মিডিয়া পার্সন বলে মেজাজ সবসময় কন্ট্রোলে থাকবে এমনটি ভাবার কারণ নেই।
আপনার মন্তব্য