২২ অক্টোবর, ২০১৫ ১৪:১২
যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তার এ ঘোষণার ফলে ডেমোক্রাট দলের অন্যতম প্রার্থী সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মনোনয়ন পাওয়া সহজ হচ্ছে বলেই মনে হয়।
বুধবার (২১ অক্টোবর) তিনি এ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে ৭২ বছর বয়সী জো বাইডেন বলেন, সফলভাবে নির্বাচনী প্রচারণা চালানোর মতো সময় তার হাতে নেই। তাই তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্টের এ ঘোষণার সময় প্রেসিডেন্ট বারাক ওবামা তার পাশেই ছিলেন। ডেমোক্রাট মনোনয়নের জন্য লড়বেন না জানিয়ে জো বাইডেন তার বক্তব্যে বলেন, ডেমোক্রাটরা যদি প্রেসিডেন্ট ওবামার কর্মকাণ্ড থেকে মুখ ফিরিয়ে নেন, তবে তারা ভুল করবেন।
তবে প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে থাকার ঘোষণা দিলেও জো বাইডেন বলেছেন, আগামী বছরের নির্বাচন নিয়ে তিনি নীরব ভূমিকা পালন করবেন না। তিনি বলেন, ‘যদিও আমি প্রার্থী হব না, কিন্তু আমি নীরবও থাকব না।’ তার ভাষায়, ‘দল হিসেবে আমাদের অবস্থান কি এবং একটি জাতি হিসেবে আমরা কোথায় যেতে চাই, তা নিয়ে আমি পরিষ্কারভাবে এবং জোরের সঙ্গে কথা বলব।’
নিজের প্রার্থীতা প্রত্যাহারের কারণ উল্লেখ করতে গিয়ে বাইডেন বলেন, মস্তিষ্কের ক্যান্সারে তার ছেলে বো বাইডেনের মৃত্যুর পর শোক কাটিয়ে এখন হয়তো তার পরিবার একটি নির্বাচনী প্রচারণার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সময় আর তার পক্ষে নেই।
জো বাইডেনের এই ঘোষণার পর হিলারি ক্লিনটনের প্রার্থিতার পথ আরো সুগম হবে বলেই ধারণা করা হচ্ছে। ডেমোক্রাট প্রার্থিতার দৌড়ে এখনো পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছেন হিলারি ক্লিনটন। তার পিছনেই রয়েছেন বার্নি স্যান্ডার্স।
আপনার মন্তব্য