সিলেটটুডে ডেস্ক

২২ অক্টোবর, ২০১৫ ২২:৩৯

ভারতের অধিকাংশ পূজামণ্ডপে ‘নো সেলফি জোন’

দেবী দর্শনে গিয়ে সেলফি তুলবে না এটা কি হয়? বড় বড় পূজামণ্ডপের ভেতরে ছবি আর সেলফি তোলার হিড়িক লেগেছে। কিন্তু বেরসিক কর্তৃপক্ষ কিনা মণ্ডপে সেলফি নিষিদ্ধ করলো!

নিরাপত্তার কথা বিবেচনায় ভারতের বেশি কিছু এলাকায় পূজামণ্ডপে সেলফি নিষিদ্ধ করা হয়েছে।

উত্তর কলকাতার কাশী বোস লেনে প্রতি বছরই মানুষের ঢল নামে। কিন্ত্ত এবার সেই ঢল সামলাতে সাইনবোর্ড লাগিয়ে ‘নো সেলফি জোন’ বলা হয়েছে। পূজা কমিটির সহ-সম্পাদক প্রদীপ্ত নান বলেন, ‘পুলিশ এবং পূজা কমিটির মধ্যে ঠিকঠাক সংযোগ থাকলে দেশপ্রিয় পার্কের মতো ঘটনা এড়ানো যায়। পাড়ার ছেলেদের ভিড় সামলাতে নামিয়েছি আমরা।’

নলিন সরকার স্ট্রিট বলছে, একই সময়ে ৭০-৯০ জনের বেশি মানুষ যাতে মণ্ডপে ঢুকতে না পারে, তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি বড় দুর্গার পরিণতিতে চিন্তিত কমিটি ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। পাড়ার স্বেচ্ছাসেবক, বাইরে থেকে আনা নিরাপত্তারক্ষী এবং সব শেষে পুলিশি ব্যবস্থার মাধ্যমে ভিড় সামলানোর চেষ্টা চলছে। এখানেও ‘নো সেলফি জোন’ ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে ক্লাবের সভাপতি জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, ‘ছবি তোলার ভিড় জমে গেলে বাইরে মানুষকে বহুক্ষণ অপেক্ষা করতে হয়। লাইন অচল হয়ে পড়ে৷ সেই কারণে অনিচ্ছা সত্ত্বেও আমাদের তা করতে হলো।’

উত্তরের কুমোরটুলি পার্কের পূজা বিশৃঙ্খলার কারণে গত বছর বন্ধ করে দেয় কলকাতা পুলিশ। এবার তাই অন্তত ৩০০ জন নিরাপত্তারক্ষী নামিয়ে এবং পর্যাপ্ত দড়ির মাধ্যমে ভিড় সামাল দেয়ার পরিকল্পনা নিয়েছে কুমোরটুলি পার্ক।

দক্ষিণের তিন বড় মণ্ডপ চেতলা অগ্রণী, নাকতলা উদয়ন সঙ্ঘ এবং ত্রিধারা সম্মেলনীও নো সেলফি জোন ঘোষণা করেছে। প্রয়োজনে মণ্ডপের মধ্যে মাইক্রোফোনে এ ব্যাপারে বারবার ঘোষণা করার কথাও বলেছে তারা।

নাকতলা উদয়ন সঙ্ঘ আবার তিনটি বাইরে যাওয়ার পথ করেছে। মণ্ডপের আগেই এনএসসি বোস রোডের ধারে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হচ্ছে৷ পূজার প্রধান পৃষ্ঠপোষক বাপ্পাদিত্য দাশগুপ্ত বলছেন, ‘ভিড় সামাল দিতে এবার তিনটি এক্সিট ছাড়াও আমরা ক্লাবের মধ্যে দিয়ে বাইরে যাওয়ার রাস্তা করেছি। যাতে বিপদ হলে সেখান দিয়েও মানুষকে বাইরে পাঠানো যায়।’

দমদমের ভারতচক্র, শ্রীভূমি স্পোর্টিং থেকে বোসপুকুরের তালবাগান, শীতলা মন্দিরে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। ভারতচক্র যেমন ভিড় সামলাতে নিজেদের এলাকাকে ছয়টি জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি জোনে সিসিটিভি, ওয়াকিটকি, শয়ে শয়ে নিরাপত্তারক্ষী এবং কেন্দ্রীয় কন্ট্রোল রুমের ব্যবস্থাও করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত