১০ আগস্ট, ২০২১ ২০:৪৩
নিজ দেশের নাগরিকদের প্রত্যাহারের জন্য উত্তর আফগানিস্তানে একটি সামরিক বিমান পাঠিয়েছে ভারত।
মঙ্গলবার (১০ আগস্ট) একটি বিশেষ ফ্লাইটে করে ভারতীয় নাগরিকরা দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছে নয়াদিল্লি।
কর্মকর্তারা জানিয়েছেন, আফগান নিরাপত্তা বাহিনী এবং অগ্রসরমান তালেবানদের মধ্যে লড়াই চলতে থাকায় আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর মাজার-ই-শরিফ থেকে নিজ নাগরিকদের দেশে ফেরার আহ্বান জানিয়েছে ভারত।
একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ইসলামপন্থী তালেবান যোদ্ধারা আফগানিস্তানের উত্তর, পশ্চিম এবং দক্ষিণে সাম্প্রতিক দিনে ছয়টি প্রাদেশিক রাজধানী দখল করেছে। আফগানিস্তানে উন্নয়ন প্রকল্পে লক্ষ লক্ষ ডলার বিনিয়োগকারী ভারত এখন তার সমস্ত কনস্যুলেট বন্ধ করে দিয়েছে, কেবল কাবুলে দূতাবাস চালু রেখেছে।
নয়াদিল্লির তথ্য অনুযায়ী, আফগানিস্তানে বর্তমানে প্রায় দেড় হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন। যে ভারতীয় নাগরিকরা বিমানের বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরতে চান, তাদেরকে মাজার-ই-শরিফে ভারতীয় কনস্যুলেটে নিজের বিস্তারিত তথ্য, পুরো নাম এবং পাসপোর্ট নম্বর অবিলম্বে জমা দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
তালেবান একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, তারা মাজার-ই-শরিফের চারপাশেই আক্রমণ শুরু করেছে। তারা ইতোমধ্যে এ শহরের পশ্চিমের শেবারঘান এবং কুন্দুজ ও পূর্বের তালোকান শহরের দখল নিয়েছে।
আপনার মন্তব্য