সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৯ জুলাই, ২০১৬ ২৩:৪৩

ইরানে জনসমক্ষে সাইকেল চালানোয় নারীদের গ্রেপ্তার!

প্রতীকী ছবি

ইরানে প্রকাশ্যে সাইকেল চালানোর ‘অপরাধে’ একদল নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ওই নারীদের কাছ থেকে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ উঠেছে।

গ্রেপ্তারের প্রতিবাদে পুলিশি হেফাজতেই বিক্ষোভ করেছেন ওই নারীরা।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানায়, উত্তর-পশ্চিম ইরানের মারিভান শহরে সাইকেল চালানোর এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন একদল নারী। এ সময় জনসমক্ষে সাইকেল চালানোর অভিযোগে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

নারীদের সাইকেল চালানো নিয়ে ইরানে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। দেশটির শালীনতা আইনে জনসমক্ষে পোশাক পরিধানের ব্যাপারে কড়াকড়ি রয়েছে। গত মে মাসে ইরানে উন্মুক্ত স্থানে নারীদের সাইকেল চালানো নিষিদ্ধ করা হয়।

ইন্ডিপেনডেন্ট জানায়, নারী সাইকেলচালক এবং তাঁদের সঙ্গে থাকা পুরুষদের প্রায়ই হয়রানি করে ইরানের পুলিশ। 

ইরানের আইন অনুযায়ী, ‘সুশীল’ পোশাক এবং মাথায় স্কার্ফ ছাড়া জনসমক্ষে নারীদের যাওয়া নিষিদ্ধ। আইনের ভঙ্গ হচ্ছে কি না দেখতে ছদ্মবেশ ধারণ করে ইরানের সড়কে ঘুরে বেড়ায় কয়েক হাজার গোয়েন্দা এবং বিশেষ পুলিশ সদস্য।

ইরানের বিরোধী দল ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্সের কর্মী ফরিদেহ কারিমি বলেন, প্রেসিডেন্ট হাসান রোহানির সরকার নারী স্বাধীনতার ওপর চড়াও হয়েছে। কঠিন পরিশ্রমে অর্জিত নারীদের মৌলিক অধিকারের ওপর প্রতিদিনই আক্রমণ করছে ক্ষমতাসীন দলের মোল্লারা।

আপনার মন্তব্য

আলোচিত