০৪ নভেম্বর, ২০১৭ ১২:১৬
কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করে রাষ্ট্রদ্রোহ ও উসকানির অভিযোগে অভিযুক্ত বরখাস্ত কাতালান প্রেসিডেন্ট কার্লোস পুজদেমনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে স্পেন। পুজদেমন বেলজিয়ামে রয়েছেন। বেলজিয়াম সরকার জানিয়েছে, তারা এখন এই পরোয়ানার বিষয়টি পর্যালোচনা করছে। খবর বিবিসির।
এই সপ্তাহের শুরুর দিকে পুজদেমনসহ বাকি চার নেতার বিরুদ্ধে স্পেন সরকার রাষ্ট্রদ্রোহ ও উস্কানি দেয়ার অভিযোগ আনলে তারা বেলজিয়ামে পালিয়ে যান।
এর মধ্যেই সাবেক প্রেসিডেন্ট কার্লেস পুজদেমনসহ সদ্য ভেঙ্গে দেয়া আঞ্চলিক সরকারের আরো চার সাবেক মন্ত্রীর বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করেছেন স্পেনের একজন বিচারক। তবে পুজদেমন জানিয়েছেন, ন্যায় বিচার পাবেন এমন নিশ্চয়তা পেলেই তিনি স্পেনে ফিরবেন।
এর আগে শুক্রবার কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের ক্ষমতাচ্যুত আট মন্ত্রীকে আটক করে জেলে নেয়া হয়। এই ঘটনার প্রতিবাদে বার্সেলোনাসহ কাতালোনিয়ার অনেকগুলো বড় শহরে বিক্ষোভে করে সাধারণ মানুষ।
এদিকে আটককৃত একজনকে অবশ্য ৫০ হাজার ইউরোর বিনিময়ে জামিন দেয়া হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে স্পেনের কৌঁসুলিরা রাষ্ট্রদ্রোহ, উসকানি দেওয়া এবং সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগ এনেছেন।
স্পেনের স্বায়ত্তশাসিত এলাকা কাতালোনিয়ায় স্বাধীনতার দাবিতে গেলো ১ অক্টোবর একটি গণভোট অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে অধিকাংশই স্বাধীনতার পক্ষে ভোট দেয় বলে জানিয়েছিল পুজদেমন সরকার। পরে ২৭ অক্টোবর স্বাধীনতা ঘোষণা করে কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট। কিন্তু স্পেন সরকার সেটিকে অসাংবিধানিক ঘোষণা দিয়ে কাতালোনিয়ায় কেন্দ্রের শাসন জারি করে।
আপনার মন্তব্য