সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক

০১ ডিসেম্বর, ২০১৭ ১২:৪৭

পাকিস্তানের পেশোয়ারের কলেজে ‘জঙ্গি হামলা’, আহত কমপক্ষে ১৬

পাকিস্তানের পেশোয়ার শহরের এগ্রিকালচারাল ট্রেনিং ইন্সটিটিউট নামের একটি কলেজের একটি আবাসিক হলে জঙ্গিগোষ্ঠী তালেবানের কয়েকজন বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে আইনশৃখলা বাহিনীর সদস্য ও সাংবাদিকসহ কমপক্ষে ১৬জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে যানা যায়।

স্থানীয়দের বরাত দিয়ে দ্যা ডন নিউজ, ডেইলি টাইমস, দ্যা এক্সপ্রেস ট্রিবিউন, পাকিস্তান টুডে সহ কয়েকটি গণমাধ্যমে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এখনও তাদের গোলাগুলি চলছে বলে খবরে জানায়।

এদিকে ভবনটিতে ঠিক কতজন ছিলেন ডন তা না জানালেও শামা টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ জন শিক্ষার্থী সেখানে ছিলেন বলে স্থানীয়দের সূত্রে জানা গেছে।  নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে শামা টেলিভিশন জানিয়েছে, এরইমধ্যে জঙ্গিদের নিরস্ত করতে একটি অভিযান পরিচালিত হয়েছে।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কয়েকজন হামলাকারী একটি রিকশায় করে কলেজটিতে যায়। সেখানে তারা এক নিরাপত্তারক্ষীকে গুলি করে। পরে সন্দেহভাজন হামলাকারীরা গুলি ছুড়তে ছুড়তে হোস্টেল ভবনে প্রবেশ করে।

হামলার পর পরই তালেবানের পক্ষ থেকে দায় স্বীকার করা হয়েছে। জঙ্গিগোষ্ঠীটির মুখপাত্র মুহাম্মদ খোরাসানি জানান, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে।

এ বিষয়ে উত্তর-পশ্চিম পেশোয়ারের পুলিশপ্রধান তাহির খান জানান, হামলার পরপর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘিরে ফেলেন। তাঁদের সঙ্গে হামলাকারীদের গুলিবিনিময় হয়। এ সময় একটি বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। জিম্মিদের উদ্ধারে এখনও অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। হেলিকপ্টার টহলের মাধ্যমে পুরো এলাকার ওপর নজর রাখছে সেনাবাহিনী। 

এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে তালেবান বন্দুকধারীরা পেশোয়ারের একটি সেনাবাহিনী পরিচালিত স্কুলে হামলা চালায়। ওই হামলায় ১৩৪ শিশু নিহত হয়।

আপনার মন্তব্য

আলোচিত