বিবিসি রিপোর্ট

৩১ জানুয়ারি, ২০১৮ ১৩:১১

আফগানিস্তানের ৭০ শতাংশ জেলায় সক্রিয় তালেবান: বিবিসি

ছবি: গুগল ইমেজ

আফগানিস্তানের অন্তত ৭০ শতাংশ জেলায় তালেবানরা সক্রিয় এবং ৪ শতাংশ জেলা তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে। এ ছাড়া ৬৬ শতাংশ জেলায় তাদের সরাসরি উপস্থিতি রয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক গবেষণার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিবিসির এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। গোটা আফগানিস্তানে এ গবেষণা পরিচালনা করতে গিয়ে ১২০০ জনের সঙ্গে কথা বলা হয়েছে এবং কয়েক মাস ধরে এ গবেষণা পরিচালনা করা হয় বলে দাবি করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, তবে বিবিসির এই গবেষণার ফল ন্যাটোর দেওয়া তথ্যের চেয়ে অনেক বেশি। সম্প্রতি সামরিক জোট ন্যাটোও দেশটিতে তালেবানদের উপস্থিতি নিয়ে একটি গবেষণা করেছে। মঙ্গলবার জোটের পক্ষ থেকে বলা হয়, ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত আফগানিস্তানের ৪৪ শতাংশ জেলায় তালেবানরা সক্রিয়।

বিগত ১৬ বছর ধরে চলা যুদ্ধে যখন আমেরিকা যখন নতুন করে এক হাজার সেনা পাঠানোর কথা বলছে, তখন গত কয়েক দিনে তালেবানরাও তাদের ভয়ংকর অবস্থান জানান দিয়েছে। সম্প্রতি রাজধানী কাবুলের হোটেল ইন্টারন্যাশনালে হামলায় অন্তত ২২ জন নিহত হয়। যার চারজনই মার্কিনি।

এর কয়েক দিন পরই কাবুলে একটি অ্যাম্বুলেন্সে করে আত্মঘাতী হামলা চালানো হয়। যাতে শতাধিক লোক নিহত হয়। এর একদিন পরই আরেকটি হামলায় অন্তত ১০ জন নিহত হয়।

অবশ্য বিবিসির গবেষণায় দেশটিতে ৩৯৯টি জেলার কথা বলা হয়েছে। আর ন্যাটো বলছে ৪০৭টি জেলার কথা। তবে এই অমিলের বিষয়টি তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা যায়নি বলে উল্লেখ করেছে রয়টার্স।

বিবিসি পরিচালিত গবেষণায় বলা হয়েছে, আফগান সরকার দেশটির ১২২টি জেলা বা ৩০ শতাংশ নিয়ন্ত্রণ করে। তবে তার মানে এই নয় যে, সরকার নিয়ন্ত্রিত এই অঞ্চলগুলো তালেবান হামলার বাইরে। বরং গবেষণা চলার আগে ও পরে রাজধানী কাবুল ও এর আশপাশের বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিবিসির গবেষণায় আরো বলা হয়েছে, আফগানিস্তানের অন্তত ৩০টি জেলায় ইসলামিক স্টেট (আইএস) সক্রিয়। তবে আইএস দেশটির কোনো জেলা পুরোপুরি নিয়ন্ত্রণ করে না।

আপনার মন্তব্য

আলোচিত