সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১০ মার্চ, ২০১৮ ১৩:৫৭

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিপ্লব দেব

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিপ্লব কুমার দেব। শুক্রবার (৯ মার্চ) ত্রিপুরার রাজধানী আগরতলার আসাম রাইফেলসের মাঠে আয়োজিত অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তিনি। এর মধ্যে দিয়ে ত্রিপুরায় দীর্ঘ ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোটের শাসন শুরু হলো।

শপথ নেওয়ার আগে শুক্রবার সকালে বিপ্লব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানিয়ে বলেছে, ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেছেন বিপ্লব। তাঁকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রধানমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার জনগণের সহযোগিতার কথা স্মরণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ক্ষমতাসীন বিজেপি প্রধান অমিত শাহসহ শীর্ষ বিজেপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকারকেও শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন বিপ্লব সরকার। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে মানিক সরকারও ছিলেন অনুষ্ঠানে।

গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে বিপ্লব দেবের নেতৃত্বে বিজেপি জোট ৬০টি আসনের মধ্যে ৪৩টিতে জয়লাভ করে, যার মধ্যে বিজেপি এককভাবে পায় ৩৫টি আসন। বিপ্লব কুমার দেব নিজেও একটি আসনে বিশাল ব্যবধানে বিজয়ী হন।

বিপ্লব ত্রিপুরা রাজ্য বিজেপির দায়িত্ব পান ২০১৬ সালে ৭ জানুয়ারি। এর আগে তিনি আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে ১৫ বছর দিল্লিতেও কাটিয়েছেন বিপ্লব। সেখানে তিনি একটি ব্যায়ামাগারের প্রশিক্ষক হিসেবে কাজ করতেন।

বিপ্লব কুমার দেব ভারতের কেন্দ্রীয় সরকারে থাকা দলটির সবচেয়ে কম বয়সী রাজ্য সভাপতি। এই যুবনেতা দলের দায়িত্ব নেওয়ার মাত্র দুই বছরের মাথায় ২৫ বছরের বাম শাসনের পতন ঘটিয়ে লাল থেকে গেরুয়া রঙে রাঙিয়ে দিলেন ত্রিপুরাকে। এর আগে বিপ্লব দিল্লি ও মধ্যপ্রদেশের বিজেপির হয়ে কাজ করেছেন।

বিপ্লব রাজ্য বিজেপির দায়িত্ব পান ২০১৬ সালের জানুয়ারিতে। তাঁর বাড়ি চাঁদপুরের কচুয়ায়। উপজেলার মেঘদাইর গ্রামের হিরুধন দেব ও মিনা রানী দেবের একমাত্র ছেলে বিপ্লব। ১৯৭১ সালে তাঁর মা-বাবা ত্রিপুরা চলে যান। তাঁরা সেখানেই স্থায়ী বাসিন্দা হন। বিপ্লবের অনেক আত্মীয়স্বজন কচুয়ায় বসবাস করছেন। তাঁর চাচা প্রাণধন দেব কচুয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি।

আপনার মন্তব্য

আলোচিত