০৪ মে, ২০১৮ ১৭:৩৩
ভারতে শক্তিশালী ধূলিঝড় ও বজ্রাঘাতে মৃতের সংখ্যা ১৪৩ ছাড়িয়েছে। পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
গত বুধবার সন্ধ্যার দিকে হঠাৎ করে শুরু হওয়া ধূলিঝড় ও বজ্রাঘাত বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী ছিল বলে জানিয়েছে এএফপি।
ধূলিঝড়ের আঘাতে উত্তর প্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড ও পাঞ্জাবের ১২১ জন এবং বজ্রাঘাতে দেশটির দক্ষিণাঞ্চলের ২১ জন মারা গেছে।
ধূলিঝড়ের আঘাতে উত্তর প্রদেশে ও রাজস্থানের হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার।
উত্তর প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, ভারতের সবচেয়ে জনবহুল এই প্রদেশে মোট ৭৬ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আগ্রা জেলা। ধূলিঝড়ের আঘাতে এই জেলার কমপক্ষে ৪৩ জন প্রাণ হারিয়েছেন।
আগ্রার এক বাসিন্দা বলেন, আবারও ধূলিঝড় আঘাত হানতে পারে এই আশঙ্কায় আমরা ঘুমাতে পারছি না।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আগ্রার কাছে শুধু খাড়াগড় গ্রামে ২৪ জনের মৃত্যু হয়েছে। পাশের রাজস্থান রাজ্যে ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে ভারতের আবহাওয়া বিভাগ শনিবার আরও ব্যাপক পরিসরে ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছে।
আপনার মন্তব্য