সিলেটটুডে ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২০ ২১:১২

আমিনুল-মামুনের ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ এখন ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ’

নাম ও স্লোগানে পরিবর্তন এনেছে আলোচিত সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চের আমিনুল ইসলাম বুলবুল ও আল মামুন নেতৃত্বাধীন অংশ।

এখন থেকে আমিনুল-মামুনের নেতৃত্বাধীন অংশের সংগঠনের নাম হবে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ’। আগে তা ছিল ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’। নামের পাশাপাশি স্লোগানেও পরিবর্তন এনেছেন সংগঠনটি। আগে স্লোগান তাদের ছিল ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার’; এখন থেকে নতুন স্লোগান হবে ‘মুজিববাদ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য’৷

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ’-এর কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন।

২০১৮ সালের ৪ অক্টোবর শাহবাগে জন্ম হয় ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামের সংগঠনটির। প্রতিষ্ঠার ১ বছরের মাথায় ২০১৯ সালের ১০ অক্টোবর যুবলীগের তৎকালীন চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করার ঘটনায় সংগঠনের ভাঙন দেখা দেয়। প্রতিষ্ঠাকালীন সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে না জানিয়ে এই কর্মসূচি পালন করায় মুক্তিযুদ্ধ মঞ্চের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুনকে অব্যাহতি দেন অধ্যাপক জামাল উদ্দিন।

এর প্রতিক্রিয়ায় পাল্টা কমিটি গঠন করেন আমিনুল ও মামুন। তারা অধ্যাপক জামালকে ‘সম্মানিত উপদেষ্টা’ ঘোষণা করে নিজেদেরকে মঞ্চের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন। সেই রাতেই আরেক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে অধ্যাপক জামালকে ‘সম্মানিত উপদেষ্টা’র পদ থেকেও অব্যাহতি দেন আমিনুল-মামুন।

এরপর থেকে একই নামে কার্যক্রম পরিচালনা করে আসছিল মুক্তিযুদ্ধ মঞ্চের দুটি অংশ। একটি আমিনুল-মামুনের নেতৃত্বে, অন্যটি অধ্যাপক জামালের নেতৃত্বে। তবে আমিনুল-মামুনের কমিটিকেই বিভিন্ন ইস্যুতে সক্রিয় থাকতে দেখা গেছে। সর্বশেষ ভাস্কর্যবিরোধী অবস্থান নেওয়ায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক, আমির জুনাইদ বাবুনগরী ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের ফয়জুল করিম চরমোনাই পিরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার আবেদনসহ বিভিন্ন কর্মসূচিতে আমিনুল-মামুনের কমিটিকেই সক্রিয় থাকতে গেছে।

একই নামের দুই সংগঠনের অস্তিত্ব থাকায় বিভ্রান্তি দূর করা ও নিজেদের স্বতন্ত্র করতেই নাম-স্লোগানে পরিবর্তন আনল আমিনুল-মামুনের নেতৃত্বাধীন অংশটি।

আপনার মন্তব্য

আলোচিত