সিলেটটুডে ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২০ ১২:৪২

মাওলানা কাসেমীর জানাজায় মানুষের ঢল

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব, শায়খুল হাদিস আল্লামা নূর হুসাইন কাসেমীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা হয়। এতে ঢল নামে মুসল্লিদের।

প্রথমে তার জানাজা জাতীয় ঈদগাহে করার ঘোষণা দেওয়া হলেও অনুমতি না পাওয়ায় বায়তুল মোকাররমে করার সিদ্ধান্ত হয়।

জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ছেলে মুফতি জাবের কাসেমী। সেখানে দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখরা জানাজায় অংশ নেন। আশুলিয়া বেড়িবাঁধসংলগ্ন ধউর গ্রামে অবস্থিত সুবহানিয়া মাদ্রাসায় তাকে দাফন করার কথা রয়েছে।

জানাজা উপলক্ষে বায়তুল মোকাররম এলাকায় বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। জানাজার আগে বায়তুল মোকাররমের আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়। ভোরেই লোকে লোকারণ্য হয়ে উঠে বায়তুল মোকাররম এলাকা।

রোববার (১৩ ডিসেম্বর) রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার প্রেস সচিব মুফতি মুনির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নূর হুসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছিলেন। গত ১৫ নভেম্বর গঠিত হেফাজতের নতুন কমিটিতে মহাসচিবের দায়িত্ব পান কাসেমী। কমিটির আমির নির্বাচিত হন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন, ভক্ত ও ছাত্র রেখে গেছেন। ১৯৪৫ সালের ১০ জানুয়ারী কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার চড্ডা নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত