সিলেটটুডে ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২০ ২০:২৫

শ্যাম সুন্দর সিকদার বিটিআরসির নতুন চেয়ারম্যান

শ্যাম সুন্দর সিকদার

অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদারকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্বে মো. জহুরুল হকের স্থলাভিষিক্ত হলেন। জহুরুল হক গত ৪ ডিসেম্বর তার মেয়াদ শেষ করেছেন।

যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছর মেয়াদে কমিশনার নিয়োগ দিয়ে সোমবার (১৪ ডিসেম্বর) এ বিষয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, বিটিআরসির কমিশনার পদে নিয়োগ দিয়ে সরকারের সিনিয়র সচিবের পদমর্যাদা এবং সব সুবিধাদিসহ একই আইনের ৭ (১) ধারা অনুযায়ী তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো।

একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, তিনজন কমিশনার ছাড়াও মহাপরিচালক হিসেবে পাঁচজন কর্মকর্তা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে দায়িত্ব পালন করেন।

চলতি বছরের শুরুতেই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জ্যেষ্ঠ সচিব পদ থেকে অবসরোত্তর ছুটিতে গিয়েছিলেন শ্যাম সুন্দর শিকদার। এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারে সরকারি চাকরিতে যোগদানকারী এই কর্মকর্তা।

আপনার মন্তব্য

আলোচিত