সিলেটটুডে ডেস্ক

০৩ জানুয়ারি, ২০২১ ১৯:৪৭

কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই

স্বাধীনতা পুরস্কার, একুশে পদকসহ বাংলা একাডেমির পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন মারা গেছেন।

রোববার বিকেলে বাধ্যর্কজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

রাবেয়া খাতুন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীর মা।

রাবেয়া খাতুনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘রাবেয়া খাতুনের মৃত্যু দেশের সাহিত্য অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলা সাহিত্যের প্রসারে তার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।’

প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, ‘রাবেয়া খাতুন তার সাহিত্যকর্ম ও সৃজনশীলতার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।’

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাবেয়া খাতুনের জন্ম ১৯৩৫ সালে বিক্রমপুরে। লেখালেখির পাশাপাশি শিক্ষকতা ও সাংবাদিকতাও করেছেন তিনি।

উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথাসহ চলচ্চিত্র ও নাট্য জগতেও রাবেয়া খাতুনের সমান বিচরণ ছিল। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘মেঘের পরে মেঘ’ জনপ্রিয় একটি চলচ্চিত্র। ‘মধুমতি’ এবং ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ও প্রশংসিত হয়েছে সব মহলে।

রাবেয়া খাতুনের স্বামী প্রয়াত এটিএম ফজলুল হক ছিলেন দেশের চলচ্চিত্র বিষয়ক প্রথম পত্রিকা সিনেমার সম্পাদক ও চিত্রপরিচালক। বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর পরিচালকও ছিলেন তিনি।

তাদের চার সন্তান ফরিদুর রেজা সাগর, কেকা ফেরদৌসী, ফরহাদুর রেজা প্রবাল ও ফারহানা কাকলী।

আপনার মন্তব্য

আলোচিত