৩০ জানুয়ারি, ২০২১ ১৪:৪৯
ঝিনাইদহে ভোট কেন্দ্রে এক কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হামলায় আওয়ামী লীগের প্রার্থীর এজেন্ট সাগর আলিসহ ৩ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েছে।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে হরিনাকুন্ডু পৌরসভার জোড়া পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।
ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ফাঁকা গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আহত আওয়ামী লীগের মেয়র প্রার্থীর এজেন্টকে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আহতের মা রূপসী বেগম এবং স্ত্রী নিলুফার বেগম। আহত অন্য দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফারুক হোসেন জানান, এ হামলায় ওই কেন্দ্রে তার এজেন্টসহ তিনজন আহত হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। হঠাৎ কাউন্সলর প্রার্থী সাইফুল ইসলামের লোকজন ভোট কেন্দ্রে ঢুকে সাগর আলীকে কুপিয়ে আহত করে।
তবে কাউন্সলর প্রার্থী সাইফুল ইসলামের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আপনার মন্তব্য