৩১ জানুয়ারি, ২০২১ ১৫:১৯
জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী। শনিবার (৩০ জানুয়ারি) রাতে নগরীর পাঁচলাইশে বেসরকারি সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটির এ শীর্ষ নেতাকে।
রোববার (৩১ জানুয়ারি) বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুর রহমান ফারুকী বলেন, ‘হুজুরের জ্বর ও বমি ছিল। শরীর খুব দুর্বল। এজন্য রাত সাড়ে ৮টার দিকে উনাকে আমরা হাসপাতালে নিয়ে আসি। এখন শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। ডাক্তার কিছু পরীক্ষা করতে দিয়েছেন। বিকেলে সেগুলোর রিপোর্ট আসবে। তখন পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর জীবনাবসান হয়। এরপর ১৫ নভেম্বর প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আমির নির্বাচিত হন জুনাইদ বাবুনগরী।
মানসিক নির্যাতনের মাধ্যমে আহমদ শফীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগে তার শ্যালক মোহাম্মদ মঈন উদ্দিন গত ১৭ ডিসেম্বর ৩৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। জুনাইদ বাবুনগরীকে ওই মামলায় আসামি করা না হলেও তদন্ত সংস্থা পিবিআই গত ১২ জানুয়ারি তাকে জিজ্ঞাসাবাদ করে।
আপনার মন্তব্য