০৬ ফেব্রুয়ারি , ২০২১ ২২:৫০
গণটিকা কার্যক্রমের প্রথম দিনই টিকা নেবেন প্রধান বিচারপতিসহ একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিসহ বিশিষ্ট ব্যক্তিদের অনেকেই। রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে দেশে শুরু হচ্ছে গণটিকা কার্যক্রম। পরীক্ষামূলক টিকা প্রদানের ১০ দিন পর আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এই কার্যক্রম।
গণটিকা কার্যক্রমের জন্যে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ২৮ হাজার মানুষ নিবন্ধন করেছেন ‘সুরক্ষা অ্যাপের’ মাধ্যমে।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন, প্রথম দিনে টিকা গ্রহণ করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং হুইপ ইকবালুর রহিম।
জানা গেছে, রোববার সকালে মহাখালীতে অবস্থিত শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম টিকা নেবেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেবেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া টিকা নেবেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে, কেবিনেট সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন টিকা নেবেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে টিকা নেবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এ ছাড়া বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় সংসদ সদস্য, রাজনীতিবিদসহ জনপ্রতিনিধিরা টিকা নেবেন। তারা এই টিকা কার্যক্রমকে চালিয়ে নেয়ার জন্য এবং অন্যদের উদ্বুদ্ধ করার জন্য টিকা নেবেন বলে জানান অধ্যাপক খুরশীদ আলম।
এদিকে যারা টিকার জন্য নিবন্ধন করেছেন, তাদের নাম দেশের সব টিকাকেন্দ্রে পৌঁছে গেছে। কেন্দ্র থেকে কোন দিন কারা টিকা নেবেন, সেটা নির্ধারণ করা হবে। এ পর্যন্ত ৩ লাখের বেশি মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।
আপনার মন্তব্য