সিলেটটুডে ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০২১ ২৩:০১

টিকা নিয়ে এমপির ফটোসেশন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনাভাইরাসের টিকা না নিয়ে ফটোসেশন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমা বেগম শিউলি। এ নিয়ে অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে, সমালোচনা করছেন অনুষ্ঠানে উপস্থিত লোকজনও।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার বুথে এসে ফটোসেশন করেন নাজমা বেগম। বিষয়টি স্বীকারও করেছেন আওয়ামী লীগের এই সংসদ সদস্য।

ঘটনাস্থলে উপস্থিত এক জন নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপি নেতাকর্মীরা করোনা ভ্যাকসিন নিয়ে যে বিরূপ মন্তব্য করছেন তাতে যেন ঘি ঢেলে দিলেন নাজমা বেগম। এক জন জনপ্রতিনিধি হয়ে তিনি এটা করতে পারেন না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোমান মিয়া বলেন, সংসদ সদস্য করোনাভাইরাসের টিকা নেননি। তিনি টিকা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন মাত্র।

অনুষ্ঠানে আরও ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বারসহ অনেকে।

সংসদ সদস্য নাজমা বেগম শিউলি বলেন, ‘আমি টিকা নেইনি। নার্সরা ঢং করছিল। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানকে করোনা ভ্যাকসিন দেওয়ার সময় ভয় পাচ্ছিলেন। তখন আমাকে বসিয়ে ওনাকে দেখানোর চেষ্টা হইতেছিল।’

আপনার মন্তব্য

আলোচিত