সিলেটটুডে ডেস্ক

০৮ ফেব্রুয়ারি , ২০২১ ২৩:০০

নাপিত-ডাক্তারের বিয়েতে আপত্তি : সিআইডির সেই এসপিকে খাগড়াছড়ি বদলি

পেশায় নাপিত একজনের সঙ্গে নারী চিকিৎসকের বিয়ে নিয়ে আপত্তিকর মন্তব্য করা রংপুর মহানগর সিআইডির সুপারকে বদলি করা হয়েছে খাগড়াছড়ির মহালছড়িতে।

একই আদেশে পুলিশ সুপার বা এসপি পদমর্যাদার মোট ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে রংপুরের মিলু মিয়া বিশ্বাস ছাড়াও আছেন কুষ্টিয়ার আলোচিত এসপি এসএম তানভীর আরাফাত, যাকে সম্প্রতি উচ্চ আদালত থেকে ভর্ৎসনা করা হয়েছে।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

গত ২৩ ডিসেম্বর রংপুর সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের ডেকে নাপিত-ডাক্তার দম্পতি ও তাদের সন্তানকে সামনে নিয়ে আসা হয়। আসামিদেরকে হাজির করে সংবাদ সম্মেলন করতে উচ্চ আদালতের নিষেধ সত্ত্বেও এই সংবাদ সম্মেলন হয়। আর এই বিয়ে নিয়ে নেতিবাচক বক্তব্য দিয়ে সংবাদের শিরোনামও হন মিলি।

তার দাবি, একজন নাপিতের সঙ্গে চিকিৎসকের বিয়ে হতে পারে না।

এ নিয়ে সংকবাদ প্রকাশের পর পুলিশ সদরদপ্তর মিলির কাছে তার বক্তব্য ও কর্মকাণ্ডের ব্যাখ্যা চায় বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন প্রতিবেদন চায়।

সেই ঘটনার জেরে এই বদলি কি না, সে বিষয়ে আদেশে কিছু বলা হয়নি। তবে খাগড়াছড়িতে বদলিকে শাস্তি হিসেবে দেখা হয়।

আদেশে বলা হয়েছে মিলু মিয়া বিশ্বাসকে খাগড়াছড়ির মহালছড়ির কমান্ড্যান্ট ইনসার্ভিস ট্রেনিং সেন্টার ষষ্ঠ এপিবিএনে দায়িত্ব পালন করতে হবে।

অন্যদিকে গত ১৬ জানুয়ারি কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় আলোচনায় আসেন এসপি তানভীর। পরে তাকে উচ্চ আদালত ডেকে পাঠায়।

গত ২৫ জানুয়ারি হাইকোর্ট সেদিন তীব্র ভাষায় ভর্ৎসনা করে কুষ্টিয়ার এসপিকে। আর তিনি নিঃশর্ত ক্ষমা চেয়ে পার পান। হাইকোর্ট তখন এমনও বলে, ‌রাষ্ট্র যেন পুলিশি রাষ্ট্র না হয়।

তানভীর আরাফাত এখন থেকে কাজ করবেন বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে।

চট্টগ্রাম মহানগরের উপপুলিশ কমিশনার হামিদুল আলমকে ঢাকার হাইওয়ে পুলিশ ইউনিটের এসপি হিসেবে বদলি করা হয়েছে।

বাগেরহাটের এসপি পংকজ চন্দ্র রায় এবং জামালপুরের এসপি দেলোয়ার হোসেনকে ঢাকার সিআইডি কার্যালয়ে বদলি করা হয়েছে।

নড়াইলের এসপি জসিম উদ্দিনকে চট্টগ্রাম মহানগরের উপপুলিশ কমিশনার করা হয়েছে।

পটুয়াখালীর এসপি মইনুল হাসানকে ঢাকা মহানগরের উপপুলিশ কমিশনার করা হয়েছে। চট্টগ্রাম মহানগরের উপপুলিশ কমিশনার মো. শহীদুল্লাহকে পটুয়াখালীর এসপি হিসেবে বদলি করা হয়েছে।

গাজীপুর মহানগরের উপপুলিশ কমিশনার কেএম আরিফুল হককে বাগেরহাটের এসপি করা হয়েছে। ঢাকার সিআইডির এসপি নাসির উদ্দিন আহমেদকে জামালপুরের এসপি হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকা মহানগরের উপপুলিশ কমিশনার প্রবীর কুমার রায়কে নড়াইলের এসপি করা হয়েছে। বরিশাল মহানগরীর উপপুলিশ কমিশনার খাইরুল আলমকে কুষ্টিয়ার এসপি হিসেবে বদলি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত