সিলেটটুডে ডেস্ক

১২ মার্চ, ২০২১ ১৪:৩৯

নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার ৩ বছর

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বাংলাদেশি ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান দুর্ঘটনার তিন বছর আজ। ২০১৮ সালের ১২ মার্চ নেপালে ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহত হন ড্যাশ এইট উড়োজাহাজটির চার ক্রুসহ ৫১ আরোহী।

এদের মধ্যে ২৬ জন বাংলাদেশি, ২৪ জন নেপালি ও একজন চীনের নাগরিক। দুর্ঘটনায় যে ২০ জন প্রাণে বেঁচে ফিরেছেন, তাদের অনেকেরই আঘাত ছিল গুরুতর। ভয়াবহ এই দুর্ঘটনায় দেশজুড়ে নামে শোকের ছায়া। আর বেঁচে ফেরা ২০ জন মানসিকভাবে বিপর্যস্ত হন দীর্ঘ সময়ের জন্য।

এ দুর্ঘটনার পর যে প্রতিবেদন দেয়া হয়েছে, তাতে বলা হয় উড়োজাহাজটি অবতরণের শেষ মুহূর্তে গতিপথ পরিবর্তনের চেষ্টা করছিল। ফলে রানওয়ে থেকে একটু দূরে মাটিতে আছড়ে পরে। এর ছয় সেকেন্ডের মধ্যে এটিতে আগুন ধরে যায়। আর এতেই মারা যান ফ্লাইটের বেশির ভাগ আরোহী।

দুর্ঘটনার কারণ হিসেবে তদন্ত কমিটি মানসিক অস্থিরতাবশত পাইলটের দিকভ্রান্ত হওয়া ও পরিস্থিতি সম্পর্কে সুস্পষ্ট ধারণার অভাবকে দায়ী করে। পাশাপাশি উড়োজাহাজটি অবতরণের সময় কন্ট্রোল টাওয়ার ও ককপিট ক্রুদের মধ্যে কিছু বিভ্রান্তিকেও সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

কাঠমান্ডুর এ দুর্ঘটনা ছিল ১৯৯২ সালের পর নেপালে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ১৯৯২ সালের সেপ্টেম্বরে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরেই পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হন ১৬৭ জন।

নেপালের এই বিমানবন্দরটিকে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দরগুলোর একটি হিসেবে।



আপনার মন্তব্য

আলোচিত