সিলেটটুডে ডেস্ক

২৬ নভেম্বর, ২০১৫ ১০:৫৮

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

সাতক্ষীরার সদর উপজেলার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের তারালী এলাকায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ ইউনিয়নের পাঁচরকি গ্রামের শের আলী বিশ্বাসের ছেলে মো. নজরুল ইসলাম ও কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের আব্দুল খালেক সরদার।

তাদের মরদেহ এখনও ঘটনাস্থল ভারতের তারালি এলাকায় পড়ে রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ পেশায় গরু ব্যবসায়ী ওই দুই বাংলাদেশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে কয়েকজন রাখাল ভারত থেকে গরু নিয়ে আসার সময় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের তারালী এলাকায় বিএসএফ তাদের গুলি করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ দুটি ভারতের তারালি এলাকায় রয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিমুল হক জানান, নিহতদের লাশ আনার চেষ্টা চলছে। নিহতদের সঙ্গে আরও যারা ছিল তারা পালিয়ে এসেছে। নজরুল ও আব্দুল খালেকের লাশ দেখে এসে বিষয়টি নিশ্চিত করেছেন পালিয়ে আসা সঙ্গীরা।

সীমান্তের লোকজন গরু রাখালদের বরাত দিয়ে আরও জানান, বৃহস্পতিবার ভোরে কয়েকজন রাখাল ভারত থেকে চোরাচালান পণ্য নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছিল। বিএসএফএর ৭৬ ব্যাটেলিয়নের তারালি ক্যাম্প সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা গুলি ছুড়লে ঘটনাস্থলে দুই বাংলাদেশির মৃত্যু হয়।

এ প্রসঙ্গে বিজিবির তলুইগাছা ক্যাম্প কমান্ডার সুবেদার হুমায়ুন বলেন, ‘আমি ওপারে গুলির খবর শুনেছি। হতাহতের খবরও শুনেছি। তবে নিশ্চিত হতে পারিনি।’

বিজিবির ৩৮ ব্যাটেলিয়ন কর্মকর্তারা বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা খোঁজ খবর নিচ্ছি। নিশ্চিত করা গেলে জানানো হবে।’

আপনার মন্তব্য

আলোচিত