২৮ অক্টোবর, ২০২৬ ২২:৪৭
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে দলটি। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
তদন্ত কমিটির সদস্যরা হলেন—জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন ও নূরুল ইসলাম বুলবুল।
বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুরের সাম্প্রতিক ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে সংগঠনের কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখবে কমিটি। তদন্তে সার্বিক সহযোগিতা করতে স্থানীয় সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত শনিবার পিরোজপুরে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহে রাষ্ট্রীয় সম্মান জানানো ও তার দাফনে জামায়াতের নেতাকর্মীরা বাধা দেন বলে অভিযোগ করেন স্বজনরা।
পরে জেলা পুলিশের সহায়তায় মরদেহটি পুলিশ লাইনসে নেওয়া হয়। সেখানে বিকেল ৫টার দিকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর নিরাপত্তার মধ্যে মরদেহটি রাখা হয়। পরে রাত ২টার দিকে পুলিশ পাহারায় নিজ গ্রামে মানিক পশারীকে দাফন করা হয়।
জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলার বাদি ছিলেন মানিক পসারী। তিনি সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যও দেন। এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনাল ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদন্ড দেয়। সাজা ভোগ করা অবস্থায় ২০২৩ সালের আগস্টে সাঈদীর মৃত্যু হয়।
মৃত পসরী মুক্তিযোদ্ধা নন দাবিতে গত রোববার তার মরদেহতে গার্ড অনার দিতে বাধা দেন স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা। পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর দাবি, দাফনে নয় স্থানীয়রা গার্ড অব অনারে বাধা দিয়েছে।
যদিও প্রকাশিত সংবাদ অনুযায়ী, রোববার সন্ধ্যায় জামায়াতের কর্মীরা গিয়ে পসারীর দাফনের জন্য খনন করা কবর ভরাট করে ফেলে। পরে রাতে অন্যদের সঙ্গে পসারীর স্ত্রী, বোন, কন্যা ফের সেই মাটি সরান মোবাইল ফোনের আলোতে। এই ছবি ছড়িয়ে পরার সমালোচনার মুখে পড়ে জামায়াত।
এর মধ্যেই দলের সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম নির্বাহী পরিষদে বিষয়টি উঠে। জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে এর সাথে সংগঠনের কেউ জড়িত রয়েছেন কিনা তা কমিটি তদন্ত করে দেখবে।
আপনার মন্তব্য