সিলেটটুডে ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২২ ১৪:২০

প্রধানমন্ত্রীকে নিয়ে ছুটলো মেট্রোরেল

রাজধানীর দিয়াবাড়ি (উত্তরা) স্টেশন থেকে মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রী নিয়ে আগারগাঁওয়ের দিকে ছুটল। মেট্রোরেলের প্রথম যাত্রার যাত্রী হিসেবে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।

বুধবার বেলা দুইটার দিকে মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রী নিয়ে যাত্রা করে। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী সবুজ পতাকা নাড়িয়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন।

তার আগে প্রধানমন্ত্রী মেট্রোরেলের টিকিট (কার্ড) কেনেন। তার সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা। তিনিও টিকিট কেনেন। রাজধানীর উত্তরা থেকে প্রথম মেট্রোরেলের যাত্রা শুরু হয়েছে। আগারগাঁও পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন।

সাধারণ যাত্রীরা অবশ্য মেট্রোরেলে চড়তে পারবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে।

আজ বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী উদ্বোধনী ফলকের প্রতিরূপ (রেপ্লিকা) জনসম্মুখে উন্মোচন করেন। প্রতিরূপ উন্মোচনের পর মোনাজাত করা হয়।

শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের ১০ সদস্য এবং মেট্রোরেলে প্রথম এ যাত্রায় তার সফরসঙ্গী হিসেবে আছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শিক্ষক, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য, শ্রমিক, শিশু ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ।

এর আগে, বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন। এরপরেই মঞ্চের সামনে থাকা নেতা-কর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।

আপনার মন্তব্য

আলোচিত