১২ জানুয়ারি, ২০২৩ ১৩:৩৩
মেট্রোরেলেই প্রবসবেদনা, এর পর আগারগাঁও স্টেশনে এসে সন্তান প্রসব করলেন এক নারী। তার নাম সোনিয়া রানী দাশ। উত্তরা থেকে রাজধানীর ধানমন্ডির রেনেসাঁ হাসপাতালে যাচ্ছিলেন তিনি। মেট্রোলেল ভ্রমণের সময়ই ওঠে তার প্রসব ব্যথা। দ্রুত মেসেজ পৌঁছে যায় আগারগাঁও মেট্রো স্টেশনে।
সে সময় ওখানে দায়িত্বে থাকা বাংলাদেশ স্কাউটস ভলান্টিয়ারের লিডার ট্রেনার মো. নজরুল ইসলাম বলেন, রোগী উত্তরা থেকে আসছিলেন, যাবেন ধানমন্ডির রেনেসাঁ হাসপাতালে। মেট্রোরেলে তার প্রসব ব্যথা ওঠে। আমাদের জানানো হয়। আমি তখন ফার্স্ট এইড পয়েন্টেই ছিলাম। তাকে আমরা রিসিভ করি সাড়ে ৮টার সময়। আমাদের এখানে অভিজ্ঞ কেউ ছিলেন না, তবে রোগীর সৌভাগ্য যে মেট্রোতে একজন নারী চিকিৎসক ছিলেন।
তিনি আরও বলেন, প্রসবের সময় ওই চিকিৎসক এবং গার্লস রোভার আমাদের সহযোগিতা করেছেন। ওই মুহূর্তে কাপড়ও ছিল না। গার্লস রোভারের গলায় যে স্কার্ফ ছিল তা দিয়েই সদ্য ভূমিষ্ঠকে জড়ানো হয়। সকাল ৮টা ৪০-এর দিকে ওই নারী সন্তান জন্ম দেন। সন্তান জন্ম দেওয়ার পর ওই নারীকে আমরা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠাই।
গার্লস রোভার সোনিয়া, যার স্কার্ফ দিয়ে সেই শিশুটিকে জড়ানো হয় এবং যিনি সার্বক্ষণিক উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আমরা তিনজন ছিলাম। সৌভাগ্যবশত রেলে একজন চিকিৎসক ছিলেন। তিনি, আমি এবং এখানকার একজন পরিচ্ছন্নতাকর্মী ওই সময় উপস্থিত ছিলাম। স্বাভাবিক প্রসব হয়েছে।
সোনিয়া নামে ওই নারীর সন্তান প্রসবের সময় ওখানে উপস্থিত ছিলেন পরিচ্চন্নতাকর্মী মঞ্জুআরা বেগম। থাকেন মিরপুর ২ নম্বরে। 'মেয়েটা প্রথম মা হলেন' জানিয়ে তিনি বলেন, আমিই সবকিছু করেছি। নাড়ি কাটা থেকে বাচ্চাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা সবই করেছি। এর পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য