সিলেটটুডে ডেস্ক

০৯ ফেব্রুয়ারি , ২০২৩ ১২:৩৯

রাতের তাপমাত্রা কমার আভাস, শীত বাড়ার সম্ভাবনা

সারাদেশে রাতের তাপমাত্রা কমার আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, এর ফলে শীতও সামান্য বাড়তে পারে।

রাষ্ট্রীয় সংস্থাটির আবহাওয়াবিদ আবদুর রহমান বৃহস্পতিবার নিউজবাংলাকে জানান, রাতের তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শীত হালকা বাড়তে পারে। এরপর শীত কমতে থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়, উপমহাদেশীয় উচ্চতাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

দিনভর আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে পূর্বাভাসে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

কুয়াশা নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে জানানো হয়, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা নিয়ে বলা হয়, সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার দেশের সর্বোচ্চ ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বাগেরহাটের মোংলায়। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলীতে।

আপনার মন্তব্য

আলোচিত