সিলেটটুডে ডেস্ক

১৪ ফেব্রুয়ারি , ২০২৩ ২৩:১০

অনলাইন পত্রিকা প্রেস কাউন্সিলের আওতায় আসবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, যুগের প্রয়োজনে প্রেস কাউন্সিল আরও শক্তিশালী করা হবে। এর আওতায় আনা হবে অনলাইন পত্রিকাগুলোকেও।

বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে কাউন্সিলের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

প্রেস কাউন্সিলের ঐতিহাসিক প্রেক্ষিত তুলে ধরে হাছান মাহমুদ বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে স্বাধীন হওয়া বাংলাদেশকে ন্যায়নীতি ও যুক্তিতর্কের ভিত্তিতে পরিচালনা করতে চেয়েছিলেন। সে কারণে সংবাদপত্রের জবাবদিহিতা নিশ্চিত করা এবং একইসাথে সংক্ষুব্ধ ব্যক্তিরা যাতে একটি জুডিশিয়াল বোর্ডের কাছে গিয়ে তাদের অনুযোগ উপস্থাপন করতে পারে সেজন্য তিনি এই প্রেস কাউন্সিল গঠন করেন।'

যুগের সাথে গণমাধ্যমের বহুমাত্রিকতা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, 'প্রেস কাউন্সিল তার ৪৯ বছরের পথচলায় দেশে সংবাদপত্রের সাথে জনগণের, পাঠকের সম্পর্ক ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকে সংবাদমাধ্যম শুধু প্রিন্ট মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। যখন প্রেস কাউন্সিল গঠিত হয়েছিল তখন অনলাইন গণমাধ্যম ছিল না এবং এত সংবাদপত্রও ছিল না। ফলে প্রেস কাউন্সিল তার আইনানুসারে সংবাদপত্র ছাড়া অন্য ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে না।'

অনলাইন পত্রিকা ও পত্রিকার অনলাইন ভার্সনগুলোকে আওতায় আনা ও প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার লক্ষ্যে কাউন্সিলের সদস্যরাই কয়েক বছর ধরে অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে একটি খসড়া আইন চূড়ান্ত করেছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রেস কাউন্সিলের বেশিরভাগ সদস্য সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতা এবং পত্রিকার সম্পাদকরাই এটি চূড়ান্ত করেছেন। কিন্তু খসড়া চূড়ান্ত হয়ে যখন আইন প্রণয়নের দিকে যাচ্ছিল তখন এর বিরোধিতা শুরু হয়েছে। সব দেশেই আইন সংশোধন করা হয়, অথচ বাংলাদেশে আইন যুগোপযোগী করতে গেলেই একটা পক্ষ এর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আশা করি, প্রকৃত সাংবাদিকরা এ বিষয়ে এগিয়ে আসবেন।'

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন প্রেস কাউন্সিল সদস্য মোজাফফর হোসেন পল্টু, ইকবাল সোবহান চৌধুরী এবং এম জি কিবরিয়া চৌধুরী।

শিশুদের সঙ্গে সময় কাটালেন তথ্যমন্ত্রী

এদিকে বিশ্ব ভালোবাসা দিবসে পারিবারিক স্নেহবঞ্চিত প্রায় দুই শ শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এসময় তথ্যমন্ত্রী ও তার স্ত্রী নুরান ফাতেমা তাদের হাতে তুলে দেন ফুল ও উপহারসামগ্রী।

সামাজিক যোড়াযোগমাধ্যমে কার্যক্রম দেখে মঙ্গলবার বিকেলে রাজধানীর রায়েরবাজার বেড়িবাঁধ এলাকার বরইখালীতে সুবিধাবঞ্চিত শিশুদের আবাসন ও শিক্ষা সহায়তা প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশন স্কুল এন্ড অরফানেজ শেলটার হোমে যান তথ্যমন্ত্রী ও তার স্ত্রী। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে নুরান ফাতেমা শিশুদের জন্য রান্না করা খাবার পাঠান আর অফিস শেষে মন্ত্রী সস্ত্রীক সেখানে যাওয়ার সময় নিয়ে যান জামাকাপড়সহ উপহারসামগ্রী ও নানা ধরনের খেলনা। মাস্তুলের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান, উপদেষ্টা কাজী মাইনুর রহমান ও প্রতিষ্ঠানের সদস্যরা এ সময় উপস্তিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত