২২ ফেব্রুয়ারি , ২০২৩ ১৭:৪৩
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দেশে রাজনীতি করার ক্ষেত্রে কোনো বাধা নেই।
বুধবার (২২ ফেব্রুয়ারি) জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরির সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বলেন, ‘খালেদা জিয়ার দেশে রাজনীতি করার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে নির্বাচনে অংশ নিতে পারবেন কি না সেটি নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে।’
মন্ত্রী বলেন, যেহেতু খালেদা জিয়ার কারাদণ্ড হয়েছে, দেশের আইন অনুসারেই নির্ধারণ করবে নির্বাচন কমিশন।
সংবিধান মেনেই দেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে মন্তব্য করে আব্দুর রাজ্জাক বলেন, আন্দোলন করে সরকার পতন করা যাবে না। নির্বাচনের কোনো বিকল্প নেই। সংবিধানের বাইরে কারো কিছু করার সুযোগ নেই।
আপনার মন্তব্য