২৪ ফেব্রুয়ারি , ২০২৩ ০১:৫২
ফাইল ছবি
অমর একুশে গ্রন্থমেলায় বোমা হামলার হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মো. নুরুল হুদা বরাবর চিঠি পাঠায় জঙ্গি সংগঠনটি। এ বিষয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ডাকযোগে বাংলা একাডেমির অফিসে এ চিঠি পাঠানো হয়।
পরে বাংলা একাডেমির নিরাপত্তা অফিসার মো. জাহাঙ্গীর আলম থানায় জিডি করেন।
জিডির আবেদনে তিনি উল্লেখ করেন, আনুমানিক সকাল সাড়ে ১১টায় আনসার আল ইসলামের মাওলানা মো. সাইদুল ইসলাম স্বাক্ষরিত বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর প্রেরিত এক পত্রে অমর একুশে গ্রন্থমেলার বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আতঙ্কের। এমতাবস্থায় বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভূক্ত করে রাখা প্রয়োজন।
শাহবাগ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বাংলা একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়ে বলেছে, রাজধানীর দুটি হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে। এগুলো বন্ধ না হলে অমর একুশে গ্রন্থমেলায় বোমা হামলা চালাবে। এই ঘটনায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ একটি জিডি করেছে। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি।
অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব কে এম মুজাহিদুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ডাকযোগে এ চিঠি পাঠানো হয়। আমরা চিঠি থানাকে ফরোয়ার্ড করে দিয়েছি। বিষয়টি তারা দেখবে।
আপনার মন্তব্য