সিলেটটুডে ডেস্ক

০১ মার্চ, ২০২৩ ১৪:১৩

সম্রাটের সম্পদের মামলায় অভিযোগ গঠন ফের পেছাল

জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ঠিক করেছে আদালত।

ঢাকার বিশেষ আদালত-৬ এর ভারপ্রাপ্ত বিচারক ইকবাল হোসেনের আদালতে বুধবার (১ মার্চ) এ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন সম্রাটের আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময় আবেদন করেন এবং তার স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন এই দিন ঠিক করেন।

সারাদেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

ওই বছরের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে দুদকের করা মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরের বছর অর্থাৎ ২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

অভিযোগপত্রে সম্রাটের বিরুদ্ধে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

আপনার মন্তব্য

আলোচিত