সিলেটটুডে ডেস্ক

১৫ মার্চ, ২০২৩ ১৬:২০

জাবির পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে ছাত্রলীগের তালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. সালাহউদ্দিনের অপসারণের দাবিতে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস অবরোধ করেন শাখা ছাত্রলীগের একাংশ।

বুধবার (১৫ মার্চ) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ভবনে তালা দিয়ে সামনে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

উপ পরীক্ষা নিয়ন্ত্রক আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রলীগ অবরোধ করেছে। পরীক্ষা নিয়ন্ত্রকের অপসারণের দাবিতে এই অবরোধ।

আন্দোলনরত শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি হল, স্বাধীনতা বিরোধী কোন শক্তি যেন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে না থাকতে পারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আররাফি চৌধুরী বলেন, স্বাধীনতা বিরোধী কোন শক্তি যেন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে না থাকতে পারে সেজন্য আমরা পরীক্ষা নিয়ন্ত্রক অফিস ঘেরাও করেছি। আমরা জনতে পেরেছি তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের একাধিক বিবৃতিতে তার নাম উল্লেখ আছে। আমরা চাই বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী কেউ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে না থাকুক। আমরা তার অপসারণের দাবি জানাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, আমরা ছাত্রলীগের দাবিগুলো শুনেছি। উপাচার্য স্যার আজ উপস্থিত ছিলেন না। তিনি আসলে আমরা আলোচনা করে একটা সমাধান দিব।

আপনার মন্তব্য

আলোচিত